উদীচী যশোরের দুই নেতাকে হয়রানির প্রতিবাদে যুক্তরাষ্ট্র সংসদের তীব্র নিন্দা
প্রজ্ঞা নিউজ ডেস্ক, ০৫ জুলাই ২০২৫:
উদীচী যশোর জেলা সংসদের দুই নেতা রিয়াদুর রহমান ও আব্দুর রহমান মৃধা খোকনকে পুলিশি হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ। সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, রাষ্ট্রীয় সম্পদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এ ধরনের দমন-পীড়নের শিকার হতে হয়েছে তাদের নেতাদের।
বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এবং রাখাইনে কথিত মানবিক করিডোর গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি সম্ভাব্য আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে ফেলার গভীর চক্রান্তের বিরুদ্ধে সারাদেশে সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করছে উদীচী শিল্পীগোষ্ঠী। এ আন্দোলনের অংশ হিসেবে ২ জুলাই যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত এক প্রতিবাদী সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনা ও মশাল মিছিলে অংশ নেন উদীচী যশোর জেলা সংসদের শিল্পী ও কর্মীরা।
এই কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে ৪ জুলাই রাতে যশোর জেলা সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য রিয়াদুর রহমান ও সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মৃধা খোকনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। পরদিন ৫ জুলাই পুলিশ জানায়, তাদেরকে ২০২৪ সালের ৪ আগস্টের যশোর জেলা বিএনপি অফিস পোড়ানোর পুরনো এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। উদীচীর পক্ষ থেকে একে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দেওয়া হয়েছে। পরে রিয়াদুর রহমানকে মুক্তি দেওয়া হলেও খোকন এখনো আটক রয়েছেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ মনে করে, এই গ্রেপ্তার শুধু দুই নেতার নয়, এটি একটি মুক্তচিন্তা, সাংস্কৃতিক প্রতিবাদ এবং নাগরিক অধিকার চর্চার ওপর সরাসরি হামলা। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে আব্দুর রহমান মৃধা খোকনের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে এই বেআইনি গ্রেপ্তারের ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ ঘটনার প্রতি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের স্বাধীনতাকে নিরাপদ রাখতে প্রশাসনের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ষ্ঠী , যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারীও এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ বলেন, দেশজ সম্পদ ও স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদকে দমন করে গণতান্ত্রিক রাষ্ট্রচর্চা ধ্বংস করা যাবে না। উদীচীর প্রতিটি শাখা সংগঠনের শিল্পী-কর্মীরা এসব অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে।


















