অবৈধ সরকারের রোষানলে গণমাধ্যম: প্রবাসী সাংবাদিকদের প্রতিবাদ
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশে গণমাধ্যমের ওপর চলমান দমন-পীড়ন, সাংবাদিকদের গ্রেফতার-হয়রানি এবং বাক্স্বাধীনতা হরণের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ‘নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (NPJA)’ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, লেখক, সাহিত্যিক, মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন যেন এক আতঙ্ক আর অবদমনের চক্রে বন্দি। সহস্রাধিক সাংবাদিক চাকরিচ্যুত, শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে খুনসহ নানা হয়রানিমূলক মামলা দায়ের, ১৬৮ জনের প্রেস অ্যাক্রেডিটেশন বাতিল, তিন শতাধিক সাংবাদিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সাংবাদিক নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ঘটনা ঘটেছে।
এছাড়া, জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলের অফিসে ‘মব অ্যাটাক’ ও দখল-প্রক্রিয়ার মাধ্যমে সংবাদ পরিবেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “দেশে আজ এক ভয়াবহ বাস্তবতা বিরাজ করছে। সাংবাদিকতা এখন জীবন-ঝুঁকির পেশায় পরিণত হয়েছে। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকার — যার নেতৃত্বে রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী এক ব্যক্তি — তার শাসনামলে অব্যাহতভাবে সাংবাদিক নির্যাতন চলছে। এটি একটি রাষ্ট্রীয় দমননীতি বলেই আমরা মনে করি।”
বিবৃতিতে আরও বলা হয়, “স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করে, ভয় ও হুমকির মাধ্যমে সাংবাদিকদের কলম থামিয়ে দিয়ে, যে ‘বিকল্প গণতন্ত্রের’ চর্চা হচ্ছে — তা শুধু বাংলাদেশের ভাবমূর্তিই ক্ষুণ্ন করছে না, বরং গণতন্ত্র ও মানবাধিকারের সার্বজনীন ধারণাকেও চ্যালেঞ্জ করছে।”
সাংবাদিকদের ওপর নজিরবিহীন দমনপীড়নের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হলো গত ১১ মাসে ৪১২ জন সাংবাদিক বিভিন্ন মামলার আসামি, চাকরিচ্যুত হয়েছেন ১০০০-এর বেশি সাংবাদিক ,১৬৮ জনের প্রেস কার্ড বাতিল ,তিন শতাধিক সাংবাদিকের বিদেশ সফরে নিষেধাজ্ঞা ,১০১ সাংবাদিককে প্রেসক্লাব থেকে বহিষ্কার ,১০ জন সাংবাদিক নিহত, বহু আহত ,কোনো বিচার বা সহযোগিতা নেই সরকারের পক্ষ থেকে ।এছাড়া, বিবৃতি প্রদানকারী প্রবাসী সাংবাদিক ও বিশিষ্টজনেরা বলছেন, “আমরা মনে করি, বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াবহ নিপীড়ন আর কখনো ঘটেনি। এটি কেবল সাংবাদিকতা নয়, দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করার পাঁয়তারা। এই অবস্থায় আমাদের নীরব থাকা মানেই অন্যায়ের পক্ষ নেওয়া।”
বিবৃতিতে সম্মতি দিয়েছেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ‘নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (NPJA)’-এর প্রধান উপদেষ্টা এম.এ সালাম, সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, মুক্তিযোদ্ধা ও মানবাধিকার নেতা ক্যাপ্টেন (অব.) আবু বকর, বিশিষ্ট কলামিস্ট প্রদীপ রঞ্জন কর, মানবাধিকার নেত্রী আইরিন পারভীন, লেখক ও প্রকৌশলী মো. আলী সিদ্দিকী, এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, সাংবাদিক খুরশিদ আনোয়ার বাবলু, কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিনসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত একাধিক লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবী।
এছাড়া স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টাল, পত্রিকা ও টিভি চ্যানেলের সম্পাদক, প্রকাশক ও সম্পাদকীয় সদস্যবৃন্দ—যাঁরা দীর্ঘদিন ধরে সংবাদপত্র ও মানবাধিকার আন্দোলনে যুক্ত রয়েছেন। তাঁরা আরও বলেন, “আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যম নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলবে এবং একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।”
সূত্র: সিনিয়র সাংবাদিক ও বাপসনিউজ সম্পাদক হাকিকুল ইসলাম খোকন



















