Logo

অপরাধ    >>   ইন্দুরকানীতে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক

ইন্দুরকানীতে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক

ইন্দুরকানীতে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সন্ত্রাসীদের নৃশংস হামলায় চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম হাওলাদার (৫০) এবং তার ভাবি মুকুল বেগম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় শহিদুলের স্ত্রী রেহেনা বেগম (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার ২৭ জুন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামের নিজ বাড়ির উঠানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শহিদুল ইসলাম মৃত মোসলেম আলী হাওলাদারের ছেলে। তার বড় ভাই ছিলেন চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মেজ ভাই বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম মোবাইলে কথা বলছিলেন। ঘরের ভেতর নেটওয়ার্ক সমস্যা থাকায় তিনি বাড়ির সামনে পুকুরপাড়ে গিয়ে দাঁড়ান। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে ভাবি মুকুল বেগম ঘর থেকে বেরিয়ে এসে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে শহিদুলের স্ত্রী রেহেনা বেগম এগিয়ে আসলে তাকেও উপর্যুপরি কোপানো হয়।

আশপাশের লোকজন তাদের তিনজনকেই বাড়ির উঠানে কাদাপানির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই শহিদুল ও তার ভাবি মারা যান। আহত রেহেনা বেগমকে রাতেই পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

ঘটনার খবর পেয়ে রাতেই ইন্দুরকানী থানার ওসি, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছে।

তথ‍্য: নয়ন বিশ্বাস রকি , সাবেক ছাত্রলীগ নেতা , বাংলাদেশ ।