Logo

অপরাধ    >>   গাজীপুরে হিন্দু বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও মাথা ফাটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

গাজীপুরে হিন্দু বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও মাথা ফাটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

গাজীপুরে হিন্দু বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও মাথা ফাটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭১-এর রনাঙ্গনের লড়াকু সৈনিক, সনাতনী বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র রায়কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র রায় (৬৮) মাথা ও হাতে-পায়ে আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার এক দিন পর দুর্বৃত্তরা হাসপাতালে গিয়েও তাকে মামলা না করার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (২৫ মে) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত পরিমল চন্দ্র রায় উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের বাসিন্দা শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধা নন, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষকও।

বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র রায় জানান, জমিতে গাছ কাটতে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, হাত-পা ভেঙে দিয়েছে। এমনকি হাসপাতালে এসে মামলা উঠিয়ে নিতে হুমকিও দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির গাছ কাটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র রায়ের সঙ্গে একই গ্রামের বিমল চন্দ্র রায় ও কমল চন্দ্র রায়ের দীর্ঘ দিনের বিরোধ ছিল। গতকাল তিনি গাছ কাটতে গেলে প্রতিপক্ষের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি ও দা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, আহত মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত সাবেক ছাত্রলীগ নেতা শেখ জুয়েলকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।

থানার ডিউটি অফিসার এএসআই ইনসান জানান, শেখ জুয়েল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।