বগুড়ায় জাতীয় সংগীত কর্মসূচিতে হামলা ও উদীচী কার্যালয় ভাঙচুরের ঘটনায় যুক্তরাষ্ট্র উদীচীর তীব্র প্রতিবাদ ও বিচার দাবি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত—এই সকল মূল্যবোধে আঘাত হানা মানেই জাতির অস্তিত্বে আঘাত হানা। আর ঠিক এমনই এক বেদনাদায়ক ঘটনা ঘটেছে বগুড়ায়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে মৌলবাদী গোষ্ঠীর পরিকল্পিত হামলা ও উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ।
গত ১৪ মে বুধবার বিকেলে বগুড়ার শহীদ খোকন পার্ক ও সাতমাথায় ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে একদল মৌলবাদী যুবক দু’দফা হামলা চালায়। তারা জাতীয় সংগীত গাওয়ারত কর্মীদের ওপর হামলা চালায় এবং উদীচী বগুড়া জেলা কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলে দেয়। এ ঘটনায় আহত হন সাতজন নেতাকর্মী—সিপিবি বগুড়ার সভাপতি জিন্নাতুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাওন পাল, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, সিপিবির নেতা ঝিলাম, শামীম হোসেন জুয়েল ও আকাশ।
এই বর্বর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও ও সাধারণ সম্পাদক কল্লোল দাশ এক বিবৃতিতে বলেন, “জাতীয় সংগীত গাওয়ার মতো একটি স্বাধীন সাংস্কৃতিক কর্মসূচিতে মৌলবাদী গোষ্ঠীর হামলা জাতির অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।”
বিবৃতিতে তারা আরো বলেন, “বিগত কয়েক মাস ধরে একটি ধর্মান্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠী মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা কখনো জাতীয় পতাকা নিয়ে প্রশ্ন তোলে, কখনো জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তোলে, আবার কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। উদীচীসহ দেশের প্রগতিশীল সংগঠনসমূহ এই অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে, ভবিষ্যতেও নেবে।”
জাতীয় সংগীত কারো দান নয়—এটি ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগে অর্জিত—এই মর্মন্তুদ স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র উদীচীর নেতৃদ্বয় বলেন, “দেশের সার্বভৌমত্ব, সাংস্কৃতিক অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে রক্ষা করবো। যেকোনো ষড়যন্ত্র ও আঘাতের বিরুদ্ধে উদীচী সবসময় রাজপথে থাকবে এবং সৃষ্টিশীল প্রতিবাদ জারি রাখবে।”
বিবৃতির শেষে তাঁরা সারা বিশ্বের বিবেকবান মানুষ, সাংস্কৃতিক সংগঠন এবং প্রগতিশীল শক্তিসমূহকে এ বিষয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
ক্ল্যারা রোজারিও
সভাপতি
কল্লোল দাশ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ, যুক্তরাষ্ট্র।



















