লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’-এর মোড়ক উন্মোচন—রণাঙ্গনের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও ১৯৭১ সালের ইতিহাস ইংরেজি ভাষায় তুলে ধরার প্রয়াস, প্রবাসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার প্রত্যয়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বীরত্বগাথা, আত্মত্যাগ ও স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান রচিত ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনে।
গত ২১ নভেম্বর পূর্ব লন্ডনের একটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গবেষক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। আবদুল আজিজ তকির ইংরেজি অনুবাদে প্রকাশিত বইটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সংগ্রাম, ত্যাগ এবং বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই। প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সেলিনা শেলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি শামীম আজাদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, ক্রয়ডনের সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী এবং ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।
গ্রন্থের মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন লেখক ও রাজনীতিবিদ হরমুজ আলী, গ্রন্থকারের পুত্র আসিফ রহমান খান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান খান, লুৎফুর রহমান সায়েদ, সাবেক কাউন্সিলর ও রাজনীতিবিদ রাজন উদ্দিন জালাল, মইনুল হক, সৈয়দ এনামুল হক, সাহাবুদ্দিন চঞ্চল, সায়েদ আহমদ সাদ, আমিনুল হক জিলু এবং গবেষক ড. আনসার আহমেদ উল্লাহসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ কেবল মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর একটি গ্রন্থ নয়; এটি একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা, উপলব্ধি ও স্মৃতির গুরুত্বপূর্ণ দলিল। লেখক নিজে ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় তাঁর অভিজ্ঞতার আলোকে বইটিতে যুদ্ধকালীন বাস্তবতা, বাঙালির আত্মত্যাগ, প্রতিরোধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার জীবন্ত চিত্র ফুটে উঠেছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা যথাযথভাবে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যার অবকাশ তৈরি হওয়ায় প্রত্যক্ষ যোদ্ধাদের অভিজ্ঞতা ও স্মৃতিনির্ভর গ্রন্থের গুরুত্ব আরও বেড়েছে। এ ধরনের প্রকাশনা মুক্তিযুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা ও ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে।
তাঁরা উল্লেখ করেন, বইটি ইংরেজি ভাষায় অনূদিত হওয়ায় এর পাঠকগোষ্ঠী শুধু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্ম এবং বিদেশি পাঠকরাও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির আত্মত্যাগ ও স্বাধীনতার পটভূমি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
বক্তাদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় এ ধরনের গ্রন্থ প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় আত্মপরিচয় এবং স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলা সম্ভব।
মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় উপস্থিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের এ উদ্যোগকে স্বাগত জানান এবং মুক্তিযুদ্ধের স্মৃতি, অভিজ্ঞতা ও ইতিহাস সংরক্ষণে তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন।
মহান মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর অভিজ্ঞতাকে ইংরেজি ভাষায় বিশ্বপাঠকের সামনে তুলে ধরার এই উদ্যোগ প্রবাসে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা প্রচারে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
ছবি: এ রহমান অলি ( লন্ডন )



















