নিউইয়র্কে সাংবাদিক-সাহিত্যিকদের সঙ্গে লেখক শাফি হকের মতবিনিময়, নতুন উপন্যাস ‘বিশ্বাসঘাতক উই রিভল্ট’ নিয়ে আশাবাদ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে বিশিষ্ট লেখক শাফি হকের নতুন উপন্যাস বিশ্বাসঘাতক উই রিভল্ট নিয়ে সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় ও সাহিত্যিক আলাপচারিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আড্ডায় প্রবাসের বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিকরা অংশ নেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, কবি ও সাহিত্যিক দর্পণ কবীর, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি, বাংলাদেশ হতে প্রকাশিত দৈনিক প্রথম আলোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি তোফাজ্জল লিটন এবং প্রজ্ঞা নিউজের সম্পাদক উত্তম কুমার সাহা। লেখকের সঙ্গে পরিচিতি, সাহিত্যচর্চা ও নতুন উপন্যাসের বিষয়বস্তু নিয়ে তাঁদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। এ সময় লেখক শাফি হকের সঙ্গে উপস্থিত সাংবাদিক ও সাহিত্যিকদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় এক সাহিত্যিক আবহ তৈরি হয়।
আলোচনার একপর্যায়ে লেখক তাঁর নতুন উপন্যাস বিশ্বাসঘাতক উই রিভল্ট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। বইটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ফটোসেশনও অনুষ্ঠিত হয়। লেখক শাফি হক তাঁর প্রথম উপন্যাসটি পাঠকমহলে আশাব্যঞ্জক সাড়া ফেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
শাফি হক একজন একনিষ্ঠ, প্রজ্ঞাবান ও স্বতন্ত্র সাহিত্যিক শব্দকারিগর। তাঁর লেখনীতে বুদ্ধির দীপ্তি, ভাষার সাবলীলতা এবং ভাবনার সাহসিকতা বিশেষভাবে লক্ষণীয়। ইতিহাস, দর্শন ও সমাজরাজনীতির জটিল বিষয়গুলোকে সহজ, সংহত ও গভীরতাসম্পন্ন ভাষায় উপস্থাপন করার দক্ষতা তাঁকে সাহিত্যাঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান এনে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই লেখকের রচনায় মনোযোগী পাঠক খুঁজে পান সৈয়দ মুজতবা আলীর শাণিত রসবোধ ও হুমায়ূন আহমেদের হৃদয়স্পর্শী লেখনিশৈলীর এক অনন্য সুষম মিশ্রণ। তবে তাঁর প্রতিটি লেখায় রয়েছে নিজস্ব চিন্তাধারা, স্বতন্ত্র কণ্ঠস্বর এবং ভাষাশৈলীর স্বকীয়তা।
দেশি-বিদেশি পত্রপত্রিকা ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত লেখালেখির পাশাপাশি শাফি হক মানবাধিকার ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাহিত্যচর্চার মধ্য দিয়ে সমাজ, ইতিহাস ও মানুষের জীবনবোধকে গভীরভাবে অনুধাবন করার প্রয়াস তাঁর লেখায় প্রতিফলিত হয়।
বিশ্বাসঘাতক উই রিভল্ট লেখকের প্রথম উপন্যাস। বইটি বহু প্রশ্ন, উপেক্ষিত সূত্র এবং ইতিহাসের অন্তরালে লুকিয়ে থাকা সম্ভাবনার অনুসন্ধানে এক সাহসী সাহিত্যিক অভিযাত্রা। বিকল্প ইতিহাস নির্মাণের ক্ষেত্রে যুক্তি ও কল্পনার সৃজনশীল সমন্বয় উপন্যাসটিকে ভিন্নমাত্রা দিয়েছে। ইতিহাসের প্রচলিত বয়ানের বাইরে নতুনভাবে ভাবার সুযোগ সৃষ্টি করে বইটি পাঠকের সামনে উন্মোচন করেছে এক ব্যতিক্রমী সাহিত্যিক জগৎ।
নিউইয়র্কের প্রবাসী সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে লেখক শাফি হকের এই মতবিনিময় নতুন বইটির পরিচিতি বিস্তারের পাশাপাশি প্রবাসে বাংলা সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখির প্রতি আগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



















