ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের মৃত্যু!
প্রজ্ঞা নিউজ ডেস্ক, হাকিকুল ইসলাম খোকন :
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক আইটি আর্কিটেক্ট, বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মাহবুব রহমান (৫৫) আর নেই। দীর্ঘদিন মস্তিষ্কের ক্যানসারে ভুগে গত ১৪ আগস্ট ২০২৬, শনিবার তিনি ইন্তেকাল করেন। তাঁর অকাল প্রয়াণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মাহবুব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষা ও কর্মজীবনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি খাতে কর্মজীবন শুরু করে দক্ষতা, মেধা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইটি আর্কিটেক্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে সাফল্যের পাশাপাশি মাহবুব রহমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর আন্তরিকতা, বিনয়, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলির কারণে সহকর্মী, বন্ধু ও কমিউনিটির মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মাহবুব রহমানের জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা প্রিন্সটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজায় দৈনিক নবোদয় ডট কমের নিউ জার্সি প্রতিনিধি মো. নাসির এবং তাঁর পুত্র সাবিত নাসির উপস্থিত ছিলেন।
মাহবুব রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মো. নাসির বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।”
প্রয়াত মাহবুব রহমান বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে জন্মভূমি ও প্রবাস—উভয় পর্যায়েই শোকের আবহ সৃষ্টি হয়েছে।
মাহবুব রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র কটিয়াদি উপজেলা সমিতি, কিশোরগঞ্জ জেলা সমিতি এবং ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবাসী বাংলাদেশি সমাজে মাহবুব রহমানের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তথ্যপ্রযুক্তি পেশায় তাঁর দক্ষতা, কর্মজীবনের সাফল্য, সামাজিক সম্পৃক্ততা এবং মানবিক গুণাবলি স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।



















