সিকিউরিটি গার্ড পরিচয়ে ৫৫ হাজার ডলারের প্রতারণার ফাঁদ, নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার: ২৫ হাজার ডলার হাতিয়ে নেওয়ার পর আরও ৩০ হাজার ডলার নিতে গিয়ে পুলিশের ফাঁদে ধরা; ভুক্তভোগীদের সতর্ক থাকার আহ্বান
প্রজ্ঞা নিউজ ডেস্ক | হাকিকুল ইসলাম খোকন :
ব্যাংকের নিরাপত্তা প্রহরীর পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে ২৫ হাজার ডলার হাতিয়ে নেওয়ার পর আরও ৩০ হাজার ডলার আদায়ের চেষ্টা করতে গিয়ে নিউ জার্সিতে দুই বাংলাদেশি নাগরিককে হাতেনাতে গ্রেফতার করেছে রিভারসাইড টাউনশিপ পুলিশ।
গত ৩১ জুলাই রিভারসাইড টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্ট জানায়, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অ্যাগ হারবার এলাকার বাসিন্দা মোহাম্মদ এন ইসলাম (৪৮) এবং ওয়েস্টভিলের বাসিন্দা মোহাম্মদ জেড ইসলাম (৫৮)-কে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, মোহাম্মদ জেড ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার এবং মোহাম্মদ এন ইসলাম নড়াইল জেলার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে এক নারী অভিযোগ করেন যে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র তার কম্পিউটারে ভাইরাস সংক্রমণের ভয় দেখিয়ে দাবি করে, এতে নাকি ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ঘটনায় এফবিআই তদন্ত শুরু হতে পারে। আতঙ্ক সৃষ্টি করে তাকে একটি ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
ফোনে যোগাযোগ করলে প্রতারকরা জানায়, বিষয়টি “মীমাংসা” করতে হলে ২৫ হাজার ডলার নগদ অর্থ ব্যাংকের নিরাপত্তা প্রহরীর হাতে তুলে দিতে হবে। নির্দেশনা অনুযায়ী ওই নারী ব্যাংক থেকে ২৫ হাজার ডলার উত্তোলন করে বাসায় আনেন এবং একজন ব্যক্তি এসে তা সংগ্রহ করে নিয়ে যায়।
এর কিছুক্ষণ পর আবারও ফোন করে আরও ৩০ হাজার ডলার দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী পুলিশকে অবহিত করেন।
অভিযোগ পাওয়ার পর রিভারসাইড পুলিশ একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। পুলিশের নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী আরও ৩০ হাজার ডলার দিতে সম্মত হন। পরে ব্যাংকের নিরাপত্তা প্রহরীর পরিচয়ে অভিযুক্ত দুই ব্যক্তি অর্থ সংগ্রহ করতে বাসায় এলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালত নির্ধারিত শর্তে তাদের জামিন মঞ্জুর করেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
রিভারসাইড পুলিশ একই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকলে অন্য ভুক্তভোগীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এ সংক্রান্ত তথ্য থাকলে (৮৫৬) ৪৬১-৮৮২০, এক্সটেনশন-১১৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ ও এফবিআই জানিয়েছে, টেলিফোনে ভয়ভীতি প্রদর্শন, কম্পিউটারে ভাইরাসের মিথ্যা সতর্কবার্তা, ব্যাংক বা সরকারি সংস্থার পরিচয় দিয়ে অর্থ দাবি—এসব প্রতারণার কৌশল গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপকভাবে বেড়েছে। সাধারণ নাগরিকদের কোনো অবস্থাতেই ফোনে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নগদ অর্থ বা ব্যক্তিগত তথ্য প্রদান না করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও নিউইয়র্কের বাফেলো শহরে একই ধরনের স্প্যাম কল প্রতারণার অভিযোগে চাঁদপুরের বাসিন্দা নিয়ামত উল্লাহ (৩১) গ্রেফতার হন। অভিযোগ ছিল, তিনি নিজেকে ‘নর্টন অ্যান্টিভাইরাস’ টিমের সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। গ্রেফতারের সময় তার গাড়ি থেকে এক লাখ ৩০ হাজার ডলারের বেশি নগদ অর্থ, স্বর্ণমুদ্রা এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে পুলিশ।



















