আগস্ট—শোকের মাস, শক্তির মাস
নয়ন বিশ্বাস রকি:
আগস্ট এলেই বাঙালির হৃদয়ে নেমে আসে এক গভীর বেদনার ছায়া। বাতাস যেন ভারী হয়ে ওঠে, স্মৃতির আকাশ ঢেকে যায় শোকের কালো মেঘে। ১৫ আগস্ট—বাংলার ইতিহাসের এক নির্মম ও কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের নির্মম বুলেটে শহীদ হন স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেদিন শুধু একজন রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়নি; হত্যা করা হয়েছিল একটি জাতির স্বপ্ন, সম্ভাবনা ও অগ্রযাত্রার পথকে। একই সঙ্গে নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়া হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যের। ধানমন্ডির ৩২ নম্বরের সেই বাড়িটি ছিল শুধু একটি বাসভবন নয়, ছিল বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ঘাতকেরা সেই প্রতীকেই আঘাত হেনেছিল।
তাই আগস্ট মানেই শোক। আগস্ট মানেই বুকভরা হাহাকার। আগস্ট মানেই অসমাপ্ত স্বপ্নের দীর্ঘশ্বাস। বঙ্গবন্ধু যে বৈষম্যহীন, ক্ষুধামুক্ত, শোষণমুক্ত “সোনার বাংলা” গড়ার স্বপ্ন দেখেছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই স্বপ্নকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল।
কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—মহান আদর্শকে কখনো হত্যা করা যায় না। বঙ্গবন্ধু তাঁর জীবন, সংগ্রাম ও নেতৃত্ব দিয়ে আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে দাঁড়াতে। তিনি শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস, মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার এবং দেশপ্রেমের প্রকৃত অর্থ।
তাই আজ আগস্ট শুধু শোকের মাস নয়; আগস্ট শক্তিরও মাস। এই মাস আমাদের কাঁদায়, আবার জাগিয়েও তোলে। শোককে শক্তিতে, বেদনাকে প্রেরণায় এবং স্মৃতিকে সংগ্রামের অঙ্গীকারে রূপ দেওয়ার শিক্ষা দেয় আগস্ট।
বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা শুধু ফুল দেওয়া বা শোক প্রকাশে সীমাবদ্ধ থাকতে পারে না। তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্যেই রয়েছে সত্যিকারের সম্মান। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়, মানবতা ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়াই হবে তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাঞ্জলি।
এই আগস্টে আমরা শুধু কালো ব্যাজ ধারণ করব না, নতুন শপথও গ্রহণ করব।
শপথ নেব—বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।
শপথ নেব—তাঁর আদর্শকে আমাদের কর্মে ও চেতনায় ধারণ করব।
শপথ নেব—যেকোনো ষড়যন্ত্র, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।
শপথ নেব—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
বঙ্গবন্ধু কেবল একটি নাম নন; তিনি একটি ইতিহাস, একটি চেতনা, একটি জাতির আত্মপরিচয়। তিনি বেঁচে আছেন কোটি বাঙালির হৃদয়ে, বাংলাদেশের প্রতিটি নদী, মাঠ, মাটি ও মানুষের স্বপ্নে।
আগস্ট আমাদের শোকের কথা স্মরণ করিয়ে দেয়, আবার একই সঙ্গে শেখায়—শোককে শক্তিতে রূপান্তর করে কীভাবে মাথা উঁচু করে এগিয়ে যেতে হয়।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
নয়ন বিশ্বাস রকি ,
সাবেক ছাত্রলীগ নেতা ।



















