বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে নিউইয়র্কে হিন্দু লাইভস ম্যাটার ইন বাংলাদেশের মানববন্ধন ও বিক্ষোভ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক নির্যাতন ও হামলার প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুন শনিবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করে ‘হিন্দু লাইভস ম্যাটার ইন বাংলাদেশ’। আয়োজকরা জানান, ঢাকার খিলক্ষেতে দুর্গা মূর্তি ও মন্দির ভাঙচুর, লালমনিরহাটে নরসুন্দর পরেশ শীলের পরিবারের উপর ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে নির্যাতন, কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণ এবং ভক্ত চিন্ময় প্রভুর অন্যায়ভাবে আটক ও নির্যাতনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার ও মুক্তির দাবি জানান।
সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষ অংশ নেন। বক্তারা বলেন, “বাংলাদেশে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে সংখ্যালঘুদের ওপর একের পর এক বর্বর হামলা হচ্ছে, অথচ প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে।”
বক্তারা আরও বলেন, “এই মুহূর্তে দেশে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, বিরোধী মতের রাজনীতিক, নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপরও দমন-পীড়ন চলছে। বর্তমান সরকার দেশজুড়ে মানবাধিকারের চরম লঙ্ঘন চালাচ্ছে।”
বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত নির্বিশেষে সকল নির্যাতনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বাংলাদেশে ধর্মীয় সহনশীলতা ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে।”
এ সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় স্থানের উপর আক্রমণের বিচার, এবং মিথ্যাও রাজনীতির দোহাই দিয়ে যাদের বিরুদ্ধে মামলায় আটক করেছে তাদের মুক্তির দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ডাইভারসিটি প্লাজা।



















