Logo

আন্তর্জাতিক    >>   মেয়র হলে মামদানিকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

মেয়র হলে মামদানিকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

মেয়র হলে মামদানিকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সম্ভাব্য মেয়র জোহরান মামদানিকে সতর্কবার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার (২৯ জুন) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচিত হলে মামদানিকে ‘ভালো ব্যবহার’ করতে হবে, নাহলে নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, মামদানি যদি জয়ী হোন, তাহলে আমি প্রেসিডেন্ট থাকবো ও তাকে সঠিক কাজ করতেই হবে। নিউ ইয়র্কের মেয়র যে-ই হোক না কেন, তাকে যথাযথ আচরণ করতেই হবে। এর ব্যতিক্রম ঘটলে কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে কঠোর অবস্থান নেবে। এর আগে একাধিকবার মামদানিকে ‘পাগলাটে কমিউনিস্ট’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। রোববারের সাক্ষাৎকারেও তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মামদানি ট্রাম্পের এই মন্তব্যকে হালকা করে দেখেছেন। তিনি বলেন, আমি দেখতে কেমন, আমার উচ্চারণ কেমন, আমি কোথা থেকে এসেছি- এসব নিয়ে প্রেসিডেন্ট মন্তব্য করে যাচ্ছেন। এতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। কারণ, আমি কী নিয়ে লড়ছি, তা থেকে দৃষ্টি সরাতেই তিনি এসব করছেন।

নিজেকে ‘ডেমোক্রেটিক সোশালিস্ট’ হিসেবে উল্লেখ করে মামদানি বলেন, আমি শ্রমজীবী মানুষের জন্য লড়ছি। আমি ড. মার্টিন লুথার কিং জুনিয়রের কথায় অনুপ্রাণিত। তিনি বলেছিলেন, গণতন্ত্র বলুন কিংবা গণতান্ত্রিক সমাজতন্ত্র, এই দেশে সব মানুষের জন্য সম্পদের আরও ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করতে হবে। মামদানি বলেন, দেশজুড়ে আয় বৈষম্য কিছুটা কমলেও নিউ ইয়র্ক সিটিতে তা বেড়েছে। আমাদের এমন একটি শহর দরকার, যেখানে সবাই বিকশিত হতে পারে।

জোহরান মামদানি বলেন, আমি মনে করি, আমাদের দেশে বিলিয়নিয়ার থাকা উচিত নয়। কারণ এটি অসমতার সময়ে অতিরিক্ত অর্থের প্রতিনিধিত্ব করে। আমি এমন একটি শহর গড়ে তুলতে চাই যেখানে সমতা থাকবে। এই লক্ষ্য পূরণে আমি বিলিয়নিয়ারসহ সবার সঙ্গে কাজ করতে আগ্রহী।

এদিকে, মামদানির দ্রুত উত্থান ও জনপ্রিয়তা ডেমোক্রেটিক দলের ভেতরেই আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি বর্ণবাদবিরোধী, অভিবাসী অধিকার ও অর্থনৈতিক সমতা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। ট্রাম্পের এই সতর্কবার্তা যেন তাকে আরও স্পটলাইটে এনে দিল। সূত্র: সিএনবিসি