নিউইয়র্কে কোভিড-১৯ ভিত্তিক প্রামাণ্যচিত্র “Hope Never Dies”-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope Never Dies”–এর উদ্বোধনী প্রদর্শনী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানটি যেন রূপ নেয় মানবতার জয়গাথা উদযাপনের এক অনন্য উৎসবে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি মানুষের জীবনযাত্রায় যে বিপর্যয় ডেকে এনেছিল, সেই দুর্বিষহ দিনগুলোর স্মৃতি ও তার বিপরীতে মানুষের সাহস, ধৈর্য, সংগ্রাম এবং আশাবাদের কথা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। ৪২ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন লেখক, সাংবাদিক ও নির্মাতা শামীম আল আমিন। নিউইয়র্ককেন্দ্রিক কোভিড-১৯ সময়কালীন মানুষের অভিজ্ঞতা ও লড়াই এতে উঠে এসেছে গভীর অনুভব ও গবেষণার আলোকে।
প্রদর্শনীর সূচনা হয় নতুন প্রজন্মের শিল্পী আলভান চৌধুরীর কণ্ঠে অনুপ্রেরণামূলক গান “We Shall Overcome” দিয়ে। এরপর নির্মাতা শামীম আল আমিন তাঁর বক্তব্যে এই প্রামাণ্যচিত্র নির্মাণের পেছনের প্রেরণা, গবেষণা ও নির্মাণ-পর্বের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন কানাডার টরন্টো থেকে আগত কিংবদন্তি সংবাদপাঠিকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমাদ মাসুদ। শুভেচ্ছা বক্তব্য দেন এই প্রামাণ্যচিত্রের অন্যতম পৃষ্ঠপোষক, নিউইয়র্কের আইটি প্রতিষ্ঠান মেটা ইনফো টেক (এমআইটি)-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাহবুব সিদ্দিকী।
প্রদর্শনীর শুরুতে আনুষ্ঠানিকভাবে এর পোস্টার মোড়ক উন্মোচন করা হয়। পুরো মিলনায়তন আমন্ত্রিত অতিথি ও সুধীজনদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনেক দর্শক তাঁদের নিজের জীবনের অভিজ্ঞতা ও স্মৃতির প্রতিচ্ছবি খুঁজে পান এই প্রামাণ্যচিত্রে। প্রদর্শনী শেষে অতিথিরা তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেন।
এসময় মূল্যবান বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সব্যসাচী শিল্পী তাজুল ইমাম, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি ও বাংলাদেশ অস্কার কমিটির সদস্য প্রফেসর আব্দুস সেলিম, নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, থিয়েটার গবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের সাধারণ সম্পাদক ড. বাবুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না থাকলেও ক্ষুদেবার্তায় শুভেচ্ছা জানান।
সংস্কৃতিমনা ব্যাক্তিত্ব গোপন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, নাট্যজন মিল্টন আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মিয়া জাকির, নাসির আলী খান পল, রুবাইয়া রহমান এবং গ্রি ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার্স-এর প্রেসিডেন্ট ও সিইও তোফায়েল চৌধুরী লিটন।
অনুষ্ঠানের শেষাংশে ছিল দর্শকদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের “আনন্দলোকে, মঙ্গলালোকে…” গান পরিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই স্মরণীয় সন্ধ্যা। একদিকে বিষণ্ন স্মৃতি, অন্যদিকে বেঁচে থাকার আশাবাদ—এই দুইয়ের সম্মিলনে অনুষ্ঠানটি দর্শকদের মনে জাগিয়ে তোলে মুগ্ধতা আর মানবিকতার এক অনন্য বার্তা। সূত্র: শামীম আল আমিন



















