নিউইয়র্কে ঈদের ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী রুনা খান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ঈদ এলেই অনেক তারকাই নিজেকে খানিকটা অবসরে রাখতে পছন্দ করেন। তার ব্যতিক্রম নন ছোটপর্দার গুণী অভিনেত্রী রুনা খান। সারা বছর কাজের ব্যস্ততা শেষে এবারের ঈদে তিনি নিজেকে কিছুটা অবসরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর সে লক্ষ্যেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ছুটি উদযাপনের এক ঝলক শেয়ার করেছেন রুনা খান। গত ৬ জুন প্রকাশিত ছবিগুলোতে তাকে দেখা গেছে নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি জানালার পাশে দাঁড়িয়ে রোদের স্পর্শ নিচ্ছেন। কোনো সাজসজ্জা বা গ্ল্যামারাস লুক নয়—নো মেকআপ চেহারায় হালকা রঙের ম্যাক্সি আর খোলা চুলে ঘরোয়া সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে রুনা লিখেছেন, ‘শুভ সকাল ম্যানহাটন’, সঙ্গে ছিলো কিছু হ্যাশট্যাগ, যা দেখে বোঝা যায় তিনি বর্তমানে পরিবারসহ সময় কাটাচ্ছেন নিউইয়র্কে।
অভিনয়ে ব্যস্ততম সময় পার করা রুনা খান সম্প্রতি অমিতাভ রেজার পরিচালিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া চলতি ঈদে মুক্তি পেয়েছে তার আরও দুটি কাজ—ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ এবং চলচ্চিত্র ‘নীলপদ্ম’। একাধারে এই সফল কাজগুলো শেষ করে নিজের জন্য একটু প্রশান্তি খুঁজতেই এই নিউইয়র্ক সফরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
রুনা খানের পোস্ট করা ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনদের অনেকে তার ন্যাচারাল লুক ও স্নিগ্ধ উপস্থিতিকে প্রশংসায় ভাসিয়েছেন। ছুটির এই সময়টা উপভোগ করে আবার নতুন উদ্যমে কাজে ফিরবেন বলেই আশা করছেন ভক্তরা।



















