Logo

আন্তর্জাতিক    >>   ভয়াবহ প্লেন দুর্ঘটনার একদিন না পেরোতেই এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি!

ভয়াবহ প্লেন দুর্ঘটনার একদিন না পেরোতেই এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি!

ভয়াবহ প্লেন দুর্ঘটনার একদিন না পেরোতেই এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৯০ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উড্ডয়নের পরপরই লন্ডনগামী ফ্লাইট এআই১৭১ একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় প্লেনের পেছনের অংশ (টেইল) একটি ভবনের ভেতরে ঢুকে যায়। নিহতদের মধ্যে প্লেনের যাত্রীদের পাশাপাশি ছাত্রাবাসে থাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীও রয়েছেন।
ভয়াবহ এই প্লেন দুর্ঘটনার একদিন না পেরোতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে দেখা দিলো বোমা আতঙ্ক। শুক্রবার (১৩ জুন) সকালে থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৩৭৯-এ উড়ন্ত অবস্থায় বোমা হামলার হুমকি পাওয়া যায় বলে জানিয়েছেন থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ।
ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর আন্দামান সাগরের ওপর দিয়ে ঘুরে ফুকেট দ্বীপে ফিরে এসে জরুরি অবতরণ করে।
থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনের ১৫৬ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এয়ার ইন্ডিয়া কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।  সূত্র: রয়টার্স