ভারতে নতুন করে করোনা সংক্রমণ: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারতে আবারো বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এর মধ্যেই ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৮ জুন) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন, এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬,১৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৭৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শনিবার থেকে রবিবারের মধ্যে ৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। যার মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে।
কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। কেরালায় ১৪৪ জন, গুজরাটে ১০৫ জন, পশ্চিমবঙ্গে ৭১ জন, গুজরাটে ২৪ জন এবং দিল্লিতে ২১ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীর সংখ্যা রবিবার দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৭ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২২ মে ভারতে সক্রিয় কোভিড রোগী ছিল ২৫৭ জন। সূত্র: হিন্দুস্তান টাইমস



















