Logo

আন্তর্জাতিক    >>   সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: একটি কালাকানুন এবং রাষ্ট্রকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: একটি কালাকানুন এবং রাষ্ট্রকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: একটি কালাকানুন এবং রাষ্ট্রকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র

সাদ্দাম হোসেন, প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পিত রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী ইউনূস গ্যাং কর্তৃক ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে প্রণয়ন করা হয়েছে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এই অধ্যাদেশ কেবল একটি আইন নয়—এটি একটি ভয়ঙ্কর কালাকানুন, যার মাধ্যমে রাষ্ট্রীয় সেবাপরিচালনার স্তম্ভগুলোর ওপর চালানো হয়েছে নজিরবিহীন নিপীড়ন ও নির্যাতনের চাপাতি।

এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে নির্বিচার আনুগত্য। এমন এক আইন তৈরি করা হয়েছে যেখানে প্রশ্ন করা যাবে না, ন্যায়ের পক্ষে দাঁড়ানো যাবে না, কোনও অন্যায়ের বিরুদ্ধে সৎসাহস দেখানো যাবে না। শাস্তির ভয়, চাকরি হারানোর আশঙ্কা, এবং আপিলবিহীন নিরঙ্কুশ দমননীতির মধ্যে দিয়ে কর্মচারীদের পরিণত করা হয়েছে ‘নীরব যন্ত্রে’—যারা কেবল মাথা নিচু করে কাজ করবে, কথা বলবে না, যুক্তি উপস্থাপন করবে না। এটি শুধুই অমানবিক নয়, এটি একটি রাষ্ট্রীয় জুলুমের আইনি রূপ।

এই অধ্যাদেশ স্পষ্টভাবে সাংবিধানিক অধিকারের লঙ্ঘন—বাক-স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, কর্মস্থলের ন্যায্যতা, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও গণতান্ত্রিক চরিত্রকে ধ্বংস করার এক নির্লজ্জ প্রচেষ্টা। কর্মবিরতি, ধর্মঘট, ছুটির মতো মৌলিক অধিকার কেড়ে নিয়ে, ‘অনানুগত্য’-এর নামে ভয়াবহ দমন-পীড়নের দরজা খুলে দেওয়া হয়েছে। এটি শুধু একটি দাসত্বমূলক আইনি বন্দোবস্ত নয়, এটি এক ধরনের প্রশাসনিক জিহাদ—যার লক্ষ্য হচ্ছে জনস্বার্থ নয়, বরং স্বৈরাচারী কর্তৃত্বকে দীর্ঘস্থায়ী করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০১৮ সালে যে ‘সরকারি চাকরি আইন’ প্রণয়ন করেছিলেন, তা ছিল একটি যুগান্তকারী সংস্কার। উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসনকে গণমুখী, কর্মক্ষম, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করে তোলা। ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ চালু করে তিনি প্রশাসনে এক নতুন গতিশীলতা নিয়ে আসেন, যা করোনা মহামারি কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় রাষ্ট্র পরিচালনায় অসামান্য ভূমিকা রাখে। এই কাঠামো সরকারের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষার হার বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনুকরণীয় করে তোলে।

কিন্তু সেই অর্জনকে ধ্বংস করে দিয়ে এখন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি একনায়কতান্ত্রিক, জবাবদিহিতাহীন ও অমানবিক প্রশাসনিক যন্ত্র। ইউনূস চক্রের জঙ্গি-সন্ত্রাসী-খুনি বাহিনীর ছত্রচ্ছায়ায় যে প্রশাসনিক ‘গণহত্যা’র পথ তৈরি হচ্ছে, তা কেবল ভয়াবহ নয়—এটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রক্তাক্ত চেতনার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ।

বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, এই কালাকানুনের মাধ্যমে কেবল সরকারী চাকরিজীবীদের দমন করা হচ্ছে না—এটি গোটা জাতিকে ভয় ও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র প্রতিহত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

স্বাধীনতাবিরোধী ইউনূস চক্রকে উৎখাত করে রাষ্ট্রীয় দায়িত্ব জনগণের প্রতিনিধিদের হাতে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ সর্বশক্তি নিয়োগ করে এগিয়ে যাবে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সাদ্দাম হোসেন
কলামিস্ট ও সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ