অ্যাস্টোরিয়ায় এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে রাস্তার নামকরণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় প্রয়াত সমাজকর্মী এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। গত ১১ই মে, রবিবার, দুপুর ১টা ৩০ মিনিটে, অ্যাস্টোরিয়ার ৪৪তম স্ট্রিট ও ২৮তম অ্যাভিনিউয়ের উত্তর-পশ্চিম কোণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাস্তার নতুন নাম “এলিজাবেথ হোয়াইট মার্কাম ওয়ে” উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক সদস্য জিমি ভ্যান ব্রামার, যিনি এলিজাবেথ হোয়াইট মার্কামের পুত্র। তিনি জানান, “আমার মা অ্যাস্টোরিয়ায় ৫০ বছরেরও বেশি সময় বসবাস করেছেন এবং একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক ও সামাজিক নেতৃত্বের প্রতীক ছিলেন। তিনি LGBTQ সম্প্রদায়সহ সকল মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।”
উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ২২-এর কাউন্সিলওম্যান স্টেফানি কাবান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস, নিউইয়র্ক সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার এবং সিটি কাউন্সিলের সাবেক সদস্য জিমি বার্নার।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন আইবিএন নিউজের প্রধান সম্পাদক ও বাপসনিউজ-এর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন এলিজাবেথ হোয়াইট মার্কামের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানের শেষ পর্বে জিমি ভ্যান ব্রামার রাস্তার সহ-নামকরণ বাস্তবায়নে সহযোগিতার জন্য কাউন্সিলওম্যান স্টেফানি কাবানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এটি ছিল এলিজাবেথ হোয়াইট মার্কামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক অসামান্য প্রকাশ—যা অ্যাস্টোরিয়ার ইতিহাসে তাঁর অবদানের স্থায়ী স্বীকৃতি হিসেবে চিহ্নিত থাকবে।
















