Logo

আন্তর্জাতিক    >>   পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বিদেশি বিমান সংস্থাগুলো

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বিদেশি বিমান সংস্থাগুলো

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বিদেশি বিমান সংস্থাগুলো

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

কাশ্মীরের পেহেলগামের বাইসরন উপত্যকায় বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান একটি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।উভয়েই এক অপরের প্রতি পাল্টা পদক্ষেপ গ্রহন করছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ হিসাবে ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

যদিও আর কোনও দেশের উপর  এই নিষেধাজ্ঞা নেই, তার পরেও বিদেশী বিভিন্ন বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়াচ্ছে।

জার্মানির বিমান সংস্থা লুফত‌্‌হানসা বিমানচালকদের পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে বলেছে। এর ফলে এশিয়ার বেশ কিছু দেশে পৌঁছতে ওই বিমান সংস্থার বিমানের অতিরিক্ত সময় লাগছে।

ব্রিটিশ এয়ারওয়েজ়, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স এবং এমিরেটসের বিমানগুলি দিল্লি যাওয়ার সময় পাকিস্তানকে এড়িয়ে কিছুটা উত্তর দিক ঘেঁষে ভারতে ঢুকছে। তার পর আরব সাগরের উপর দিয়ে দিল্লি পৌঁছচ্ছে বিমানগুলি।

এয়ার ফ্রান্স-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে পাকিস্তানের উপর দিয়ে বিমান না-চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ় এই প্রসঙ্গে কিছু না জানালেও মনে করা হচ্ছে, একই কারণে পাকিস্তানের আকাশপথকে এড়িয়ে যাচ্ছে তাদের বিমান।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার লুফত‌্‌হানসার একটি বিমান ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়ে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে দিল্লির বিমানবন্দরে অবতরণ করে । যাত্রাপথ সংক্ষিপ্ত করার সুযোগ থাকলেও  বিমানটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।

বিভিন্ন বিদেশি বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এর বহুমুখী প্রভাব পড়তে চলেছে। বিমানগুলিকে অতিরিক্ত পথ অতিক্রম করতে হওয়ায় জ্বালানি খরচ বাড়ছে। ফলে বিমানের ভাড়া বাড়তে পারে। গন্তব্যে পৌঁছনোর সময়ও বিলম্বিত হতে পারে।

যদিও এসবের ফলে পাকিস্তানেরও লোকসান হচ্ছে। কারণ,এক দেশের বিমান অন্য দেশের আকাশপথে প্রবেশ করলে সেই দেশকে তাদের আকাশসীমা ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট অর্থ দিতে হয়, যাকে ‘ওভারফ্লাইট ফিজ়’ বলে। বিমানের ওজন, সেটি সংশ্লিষ্ট দেশে কতটা পথ পাড়ি দিচ্ছে, এগুলির উপর নির্ভর করে অর্থের অঙ্ক নির্ধারিত হয়। আপতত সেই আয় থেকে বঞ্চিত হচ্ছে পাকিস্তান। সূত্র:আনন্দবাজার পত্রিকা