পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বন্ধ করল ভারত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ভারতে বন্ধ (ব্লক) করে দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের অ্যাকাউন্টও ভারতে বন্ধ করে দেওয়া হয়েছিল।
কয়েক দিন আগে বিলাওয়াল ভুট্টো ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মোদি জেনে রাখুন, সিন্ধু নদ আমাদের। এই নদে হয় আমাদের পানি প্রবাহিত হবে, না হয় আপনাদের রক্ত।
পিপিপির সিনেটর শেরি রেহমান বলেন, বিলাওয়ালের অ্যাকাউন্ট বন্ধ করার মধ্য দিয়ে পেহেলগাম হামলার সত্য উন্মোচন হয়ে যাওয়া নিয়ে ভারতের ভয়ের বহিঃপ্রকাশ ঘটল। তিনি দাবি করেন, ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে, তারা আন্তর্জাতিক মঞ্চে সত্য প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে আছে।
পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন।এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে ভারত। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান। ওই হামলার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
কিছুদিন আগে বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে হুঁশিয়ার করে বলেছিলেন, ঐকমত্যের বাইরে গিয়ে তাঁর দল যেমন একটি বিতর্কিত খাল প্রকল্পে হতে দেয়নি, ঠিক একইভাবে পাকিস্তানের জনগণ সিন্ধু নদের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ও এর সমুচিত জবাব দেবেন।
সে সময় বিলাওয়াল বলেন, ভারতের দখল করা জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। ভারত এ জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান জোরালোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায়।
















