Logo

আন্তর্জাতিক    >>   মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে — সুজিত রায় নন্দী

মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে — সুজিত রায় নন্দী

মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে — সুজিত রায় নন্দী

প্রজ্ঞা নিউজ ডেস্ক, হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বর্তমান বাংলাদেশে বাকস্বাধীনতা ও কথা বলার অধিকার অবরুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো অপশক্তি অতীতে টিকতে পারেনি, ভবিষ্যতেও টিকতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তির মোকাবিলায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী এসব কথা বলেন। দেশ ও প্রবাসের অর্ধশতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এতে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম জনমত গঠন ও মানুষের কাছে সত্য তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। তাই মুক্তিযুদ্ধের সপক্ষের সব সহযোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সুজিত রায় নন্দী বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। অতীতে নিজেদের কিছু ভুলের কথা স্বীকার করে তিনি বলেন, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে শান্তিময় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সরকার বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, ড. ইউনূস ও বর্তমান শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার জনপ্রিয়তা প্রসঙ্গে সুজিত রায় নন্দী দাবি করেন, দেশের কোটি কোটি মানুষ এখনো শেখ হাসিনার পক্ষে অবস্থান করছেন। জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই আন্দোলনে অংশ নেওয়া অনেকেরই এখন ভুল ভেঙেছে। ৫ আগস্টের পর শেখ হাসিনা আরও শক্তিশালী হয়ে সাধারণ মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূলের নেতাকর্মীরা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে পুনরায় জেগে উঠেছেন উল্লেখ করে সুজিত রায় নন্দী বলেন, ‘হতাশার কোনো কারণ নেই, রাত যতই গভীর হবে, আলো ততই নিকটে আসবে।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয় এম আবদুস সবুরের

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম আবদুস সবুর বলেন, বিএনপির দুঃশাসন এখনো চলমান রয়েছে এবং বর্তমান শাসকরাও একই পথ অনুসরণ করছেন। বাংলাদেশকে দেউলিয়া করাই তাদের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে এম আবদুস সবুর বলেন, ১৯৮১ সাল ও ওয়ান-ইলেভেনের সময়ের মতো সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে মাথা উঁচু করে যথাসময়ে দেশে ফিরে আসবেন।

‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর আহ্বায়ক, সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ওয়ারেছুন্নবী খন্দকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব, সিনিয়র সাংবাদিক ও কবি শফিক বাবু।

সভায় আরও বক্তব্য দেন গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জি এম তরিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাজেদা পারভীন সাজু ও আহমেদ রাসেল (যুক্তরাষ্ট্র), নির্বাহী সদস্য সেলিনা আকতার জোছনা ও খন্দকার তারেক রায়হান (যুক্তরাজ্য) এবং সাংবাদিক এইচ এম দুলাল, সাজ্জাদ হোসেন, সিরাজুল ইসলাম রাজ, মোহাম্মদ সেলিম, জাহির উদ্দিন ও যুগল চন্দ্র শীল পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অধিকার, অসাম্প্রদায়িকতা ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।