Logo

ইউএসএ নিউজ    >>   আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর ইফতার মাহফিল: বিশ্বশান্তি কামনায় প্রবাসী সাংবাদিকদের ঐক্যের বার্তা

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর ইফতার মাহফিল: বিশ্বশান্তি কামনায় প্রবাসী সাংবাদিকদের ঐক্যের বার্তা

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর ইফতার মাহফিল: বিশ্বশান্তি কামনায় প্রবাসী সাংবাদিকদের ঐক্যের বার্তা

প্রজ্ঞা নিউজ ডেস্ক: 
গত ২ মার্চ ২০২৬, সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী সাংবাদিক, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়।


ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শওকত ওসমান রচি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার। তারা উপস্থিত সকল সদস্য ও বিশিষ্টজনদের রোজার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। বক্তারা বলেন, রমজান শুধু আত্মসংযমের মাস নয়—এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। রোজা মানুষের ভেতরে ধৈর্য, ত্যাগ ও আল্লাহভীতি জাগ্রত করে এবং সমাজে ন্যায় ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, কথা সাহিত্যিক, কবি, গল্পকার ও সাংবাদিক দর্পণ কবীর। তিনি বলেন, রমজান মানুষকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে শেখায়। বিশ্বব্যাপী অশান্তি, সংঘাত ও বিভাজনের এই সময়ে রোজা আমাদের মানবিক চেতনা জাগ্রত করে বিশ্বশান্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনা করে বলেন, ধর্মীয় অনুশাসন সমাজকে নৈতিক ভিত্তির উপর দাঁড় করায়। কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, প্রবাসে থেকেও ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা কমিউনিটির ঐক্যকে সুদৃঢ় করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিকড়ের সাথে সংযুক্ত রাখে।


ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট ও কমিউনিটি লিডার, Fauma সিইও ফাহাদ সোলায়মান রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও মানবসেবায় উদ্বুদ্ধ করে। এস্টোরিয়ার ডিজিটাল ট্রাভেলসের সিইও নজরুল ইসলাম, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, যুক্তরাষ্ট্র প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু,সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার, ডিবিসি টিভি চ্যানেলের সাংবাদিক কানু দত্ত, Prothom Alo North America-এর নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, প্রজ্ঞা পত্রিকার সিনিয়র ফটোগ্রাফার তাপস সাহা এবং প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা প্রমুখও বক্তব্য রাখেন। তারা সকলেই বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও প্রবাসী কমিউনিটির কল্যাণ কামনা করেন।


বক্তারা আরও বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং সমাজের প্রতি তাদের দায়িত্ববোধকে শাণিত করে।
সবশেষে সভাপতি শওকত ওসমান রচি ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। দোয়া মাহফিলে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।