স্বার্থান্বেষী চাপ ও অপপ্রচারের মুখেও অনড় জেলা প্রশাসক: কুড়িগ্রামে ডিসিকে কোণঠাসা করার অপচেষ্টা ঘিরে তোলপাড়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথকে ঘিরে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ গোষ্ঠীর সঙ্গে সাক্ষাতকালে বদলি প্রসঙ্গ উঠলে তিনি দৃঢ় ও স্পষ্ট ভাষায় বলেন—
“ডিসি চেঞ্জ করলে এই মুহূর্তে করতে পারেন, ব্যাগ গোছানো আছে।”
এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনে আপসহীন অবস্থানের বার্তা দিয়েছেন বলে মনে করছেন প্রশাসন সংশ্লিষ্ট ও সচেতন মহল।
জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রশাসনিক শৃঙ্খলা জোরদার, সেবার গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেন। অভিযোগ রয়েছে, এসব উদ্যোগের ফলে একটি স্বার্থান্বেষী মহল তাদের দীর্ঘদিনের অনৈতিক সুবিধা হারাতে বসে। এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময় জেলা প্রশাসকের ওপর অন্যায্য চাপ প্রয়োগের চেষ্টা করে ব্যর্থ হয়।
প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সংশ্লিষ্ট গোষ্ঠীটি প্রথমে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করে। তাতে কাজ না হওয়ায় পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, নেতিবাচক ‘ট্যাগিং’ এবং ব্যক্তিগতভাবে প্রশ্নবিদ্ধ করার কৌশল গ্রহণ করা হয়।
আজকের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ওই গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে গিয়ে জেলা প্রশাসকের বদলির প্রসঙ্গ তোলে। তবে জেলা প্রশাসক কোনোভাবেই বিচলিত না হয়ে দায়িত্বের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং স্পষ্ট করে জানান— বদলি প্রশাসনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু তা ন্যায়সংগত দায়িত্ব পালনের পথে কোনো বাধা নয়।
সচেতন মহলের মতে, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করার চেষ্টা শুধু প্রশাসনিক শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার জন্য ক্ষতিকর। তারা মনে করেন, প্রশাসনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে না দিলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
কুড়িগ্রামের সাধারণ মানুষও মনে করছেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলাই এখন সময়ের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জেলা প্রশাসকের দৃঢ় অবস্থানের প্রশংসা করছেন এবং অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ভূমি ব্যবস্থাপনা, সেবা প্রদান, প্রশাসনিক নজরদারি ও নাগরিক হয়রানি কমাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। এসব পদক্ষেপই একটি মহলের অসন্তোষের কারণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


















