কবিতা: যখন তোমার ঐ খোলা চুল—মোহাম্মদ আব্দুল আজিজ
কবিতা: যখন তোমার ঐ খোলা চুল
মোহাম্মদ আব্দুল আজিজ
যখন তোমার ঐ খোলা চুল হাওয়ায় উড়ে
পীঠের উপর আছড়ে পড়ে,
তখন আমি তাই দেখে হই নিমেষহারা
চোখে কি আর পলক পড়ে?
তোমার এ চুল দেখে ঐ ফুল ফাগুনে
গোলাপ বেলি হেসে ফোটে,
গাছে গাছে পিউপাপিয়া পরান পিয়া
সুরে সুরে গেয়ে ওঠে।
তোমার চুলে তাই কি এসে প্রেমাবেশে
মাতাল হাওয়া খেলা করে?
যখন তুমি চুল শুকোতে দাঁড়িয়ে থাকো
বারান্দাতে একটু দূরে,
তোমার এলো চুলগুলো যেন উড়ু উড়ু
ডানা মেলে হাওয়ায় উড়ে।
তখন আমার কি দোষ বলো মুগ্ধ হয়ে
দেখলে সে চুল দু-চোখ ভরে?


















