Logo

আন্তর্জাতিক    >>   ভারতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া নিয়ে সতর্কতা জারি

ভারতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া নিয়ে সতর্কতা জারি

ভারতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া নিয়ে সতর্কতা জারি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতে এবার ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তার জেরে এরই মধ্যে সতর্কতা জারি করেছে বিহারের প্রশাসন।

জানা যায়, রাজ্যের দারভাঙ্গা জেলার ভিগো এলাকায় হঠাৎ বিপুল সংখ্যক কাকের মৃত্যু হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর মৃত পাখির নমুনা পরীক্ষার জন্য ভোপালের একটি পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে উচ্চমাত্রার সংক্রামক বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

সংক্রমণ শনাক্ত হওয়ার পরপরই পৌরসভা ও পশুপালন দপ্তরের দল নিরাপদ উপায়ে মৃত পাখি অপসারণের কাজ শুরু করেছে। পাশাপাশি আশপাশের পোলট্রি খামারগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং রক্ত পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, বার্ড ফ্লু মূলত ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাসের মাধ্যমে ছড়ায়, যার মধ্যে এইচ৫এন১ সবচেয়ে বিপজ্জনক। ভাইরাসটি সাধারণত বন্য জলচর পাখির মধ্যে থাকে, তবে গৃহপালিত পাখির মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কখনো কখনো দীর্ঘ সময় সংক্রমিত পাখির সংস্পর্শে এলে মানুষের শরীরেও সংক্রমণ ঘটতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানুষের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ খুবই বিরল হলেও তা মারাত্মক হতে পারে। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা, চোখে জ্বালা—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে যদি কেউ মৃত বা অসুস্থ পাখির সংস্পর্শে এসে থাকেন।

রাজ্য সরকার সাধারণ মানুষকে মৃত বা অসুস্থ পাখি স্পর্শ না করার আহ্বান জানিয়েছে এবং কোথাও অস্বাভাবিকভাবে পাখির মৃত্যু হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি পোলট্রি খামার ও বাজার এলাকায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সূত্র: এনডিটিভি,জাগোনিউজ