কবিতা: রাজনীতিতে দাবার গুটি সংখ্যালঘু —বিপুল চন্দ্র রায়
কবিতা: রাজনীতিতে দাবার গুটি সংখ্যালঘু
বিপুল চন্দ্র রায়
ভোটের হাওয়া বইলে পরে কদর বাড়ে খুব,
সংখ্যালঘু তকমা এঁটে দেয় প্রতিশ্রুতির স্তুূপ।
এক পাশে ভয়, অন্য পাশে মিথ্যে আশার বাণী,
মাঝখানে আজ পিষ্ট হচ্ছে সংখ্যালঘু মানুষগুলি।
কখনো দাঙ্গা, কখনো বা দরদ—সবই যে সাজানো,
ক্ষমতার লোভে ছক কষে, মানবতা নাই কারো।
এক পক্ষ বলে, আমরা আছি, ভয়ের কিছু নাই,
আরেক পক্ষ তলে তলে দাবার গুটি সাজায় ভাই।
মাঝখানেতে আমরা শুধু দাবার ঘরের গুটি,
আমাদেরই পিঠে চড়ে পরের ঘোড়া ছুটি।
ধর্ম কিংবা বর্ণ যখন তুরুপের এক তাস,
তখনই হয় আমাদের সব স্বপ্ন সর্বনাশ।
দাহ্য হলে ঘরবাড়ি সব, রাজনীতি পায় ঘি,
ক্ষয়ক্ষতিটা আমাদেরই, তোমাদের তাতে কী?
তোমরা জেতো, তোমরা হারো, চলে গদি বদল,
আমাদের শুধু চোখের জলে ভাসে দু’নয়ন।
শোনো হে শাসক, শোনো হে সমাজ, মানুষ বড় দায়,
ঘৃণার বিষে নীল হয়েছে আজ মৈত্রীর আঙিনা।
মুছিয়ে দাও ভেদাভেদ সব, হাতটা ধরো হাতে,
শপথ করো—বাঁচবে মানুষ মানুষেরই সাথে।


















