Logo

আন্তর্জাতিক    >>   লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ত্রয়োদশ বইমেলা শুরু

লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ত্রয়োদশ বইমেলা শুরু

লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ত্রয়োদশ বইমেলা শুরু

প্রজ্ঞা নিউজ, আনসার আহমেদ উল্লাহ, লন্ডন থেকে:

লেখক, পাঠক ও সংস্কৃতিসেবীদের উপচেপড়া উপস্থিতিতে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে শুরু হয়েছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ২০২৫। 
গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার বেলা ২টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বর্ষীয়ান শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও লেখক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী শুভ্র দেব, কবি ও অনুবাদক প্রফেসর জো উইন্টার, কবি আবদুল হাসিব এবং কবি রোকসানা লেইস।
প্রথম দিনেই প্রদান করা হয় বিভিন্ন সম্মাননা। বিলাতের খ্যাতিমান কবি-ছড়াকার দিলু নাসের পান “সাহিত্য পদক”, কবি আতাউর রহমান মিলাদ পান “গুণিজন পদক”, আর সংগঠনের সহ-সম্পাদক কবি এম. মোসাইদ খান ও নাট্যজন স্মৃতি আজাদ যৌথভাবে ভূষিত হন “বেস্ট পারফর্মার পদক”-এ।
মেলার দ্বিতীয় পর্বে বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হয় সেমিনার—“সাহিত্য চর্চায় অনুবাদের গুরুত্ব”। কবি ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. সেলিম জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক সাগর রহমান। আলোচক হিসেবে যোগ দেন প্রফেসর জো উইন্টার, গবেষক গৌরাঙ্গ মোহান্ত ও কবি মিলটন রহমান।
বিকেল ৫টা থেকে ইংরেজ কবিদের কবিতা পাঠে অংশ নেন স্টিফেন ওয়াট্স, ডেভিড লি. মর্গান, অ্যামি ন্যালসন ও রাপায়েল পি. ক্রুজ। সন্ধ্যা ৭টা থেকে ছিল “পাণ্ডুলিপি থেকে মঞ্চে” শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এতে নতুন প্রজন্মের লেখক জয়নাব চৌধুরী, ইউসুফ আবদুর রহমান, আহমদ হোসেন হেলাল, মাহফুজ রহমান, সাদেকা সিদ্দিকী জ্যোতি, সাওদা মুমিন এবং এম. মোসাইদ খানের গ্রন্থ প্রকাশিত হয়।
রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত কবিতা পাঠ ও আবৃত্তির আসরে দিনশেষে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে প্রথম দিনের কার্যক্রমের।
বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রকাশনীগুলোর মধ্যে ছিল—ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, স্বরবৃত্ত, পরিবার পাবলিকেশন, কবি প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, অন্বেষা প্রকাশন ও অভ্র। পাঠক-লেখকদের প্রাণবন্ত অংশগ্রহণে বইমেলা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রথম দিনের বিক্রিতে শীর্ষে ছিল ইউপিএল প্রকাশিত ফারুক আহমদের গবেষণা গ্রন্থ “সিলেটের ইতিহাস: ব্রিটিশ আমল” ও “বিলাতে বাঙালি অভিবাসন”।