যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার ঝুঁকি: দূতাবাস
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে সেটিও তাদের নজরে আসতে পারে। এ ক্ষেত্রে ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য হবে না বলেও পোস্টে উল্লেখ করা হয়। এর আগে, ১০ অক্টোবর দেওয়া আরেকটি পোস্টে দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, ডাকাতি বা অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
ওই পোস্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকে আইন মেনে চলার প্রত্যাশা করে। সূত্র: ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস, ঢাকা পোস্ট, জাগোনিউজ



















