হুথিদের হামলায় বিপর্যস্ত সৌদির নিরাপত্তা: স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে স্থগিত করা হয়েছে সৌদি আরবের বহুল আলোচিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই)। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজকদের ঘোষণায় এ বছরের আয়োজন বাতিল হয়ে গেছে। আগামী বছর সম্মেলনটি আয়োজনের নতুন তারিখ শিগগির ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সৌদি আরবের অর্থনৈতিক পরিকল্পনা, বিনিয়োগের সুযোগ এবং তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার উদ্যোগ তুলে ধরার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত এ সম্মেলন।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা বিবেচনায় নিয়ে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের প্রত্যাশা পূরণে আয়োজনটি আরও বড় পরিসরে ও উন্নত মানে করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।
এবার সম্মেলনটির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত এ আয়োজনের মাধ্যমে সৌদি আরব সাধারণত দেশটির বিনিয়োগ পরিকল্পনা ও অর্থনৈতিক রূপান্তরের রূপরেখা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে।
তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সৌদি আরবের অর্থনৈতিক কৌশলের অন্যতম লক্ষ্য। সেই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক ব্যবসায়ী, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ এ সম্মেলনের বিশেষ গুরুত্ব বহন করে।
আয়োজকদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাটের। এ ছাড়া গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কেরও অংশ নেওয়ার কথা ছিল।
A message from the CEO of FII Institute #FII10 The Power of Legacy. https://t.co/11Xvf1f5RN
— FII Institute (@FII_Institute1) October 19, 2026
হামলার মুখে রিয়াদে নিরাপত্তা জোরদার, কর্মীদের বাসা থেকে কাজের নির্দেশ
হুথিদের ধারাবাহিক হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথিদের সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার নিশানায় ছিল। এসব ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে রাজধানী রিয়াদের সরকারি দপ্তরগুলোর কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একজন কর্মী ও দুই পরামর্শক এ তথ্য জানিয়েছেন। রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের কর্মীদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে যেতে নিষেধ করা হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
গত রোববার রাজধানীর একটি সরকারি সংস্থার কর্মীকে পাঠানো বার্তায় বলা হয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে হবে। তবে এ সময় স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের বিভিন্ন কোম্পানিও কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।
সৌদির অর্থনৈতিক পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো তেলনির্ভরতা কমিয়ে দেশটিকে আন্তর্জাতিক বিনিয়োগ, পর্যটন, প্রযুক্তি ও ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা। এফআইআই সম্মেলন সেই পরিকল্পনার পক্ষে বিদেশি পুঁজি আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
কিন্তু নিরাপত্তা উদ্বেগের মধ্যে সম্মেলন স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং সৌদি আরবের অর্থনৈতিক উদ্যোগের প্রচার নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্মেলনটি ২০২৭ সালে আয়োজনের কথা জানানো হলেও নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















