Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি: নতুন পদক্ষেপে আরও কঠোর জবাবের ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি: নতুন পদক্ষেপে আরও কঠোর জবাবের ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি: নতুন পদক্ষেপে আরও কঠোর জবাবের ঘোষণা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ‘ভুল হিসাব’ না করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো নতুন পদক্ষেপ নেওয়া হলে তার জবাব আগের যেকোনো সময়ের চেয়ে আরও কঠোর হবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে আলী আবদুল্লাহি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার ইরানের দৃঢ়তা ও সংকল্প পরীক্ষা করেছে। তবে তাদের এসব পদক্ষেপ ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আগের প্রতিটি যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকার উৎখাত, দেশটিকে বিভক্ত করা এবং ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগিয়েছিল বলে তেহরান মনে করে। তবে এসব লক্ষ্য অর্জিত হয়নি উল্লেখ করে আলী আবদুল্লাহি দাবি করেন, ইরান এখনো দৃঢ়ভাবে টিকে আছে, আর তাদের প্রতিপক্ষই ধ্বংস ও উৎখাতের মুখে পড়েছে।

ইরানের এই সামরিক কর্মকর্তার বক্তব্য এমন এক সময়ে এল, যখন তেহরান ও ওয়াশিংটন এবং ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তাঁর হুঁশিয়ারিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হলে দেশটি আরও কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ