মাহমুদ সেলিম উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত : সাড়ম্বরে পালিত হবে ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী মাহমুদ সেলিম বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন। গত ১২ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত উদীচী কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর প্রয়াণে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী, এক নম্বর সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মাহমুদ সেলিম।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৯ অক্টোবর উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশজুড়ে সাড়ম্বরে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় সংসদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের প্রতিটি জেলা ও শাখা সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
এছাড়া সভায় উদীচীর সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০টি সম্পাদকীয় বিভাগের সম্পাদক এবং দেশে ৯টি ও বিদেশে ১টি—সব মিলিয়ে ১০টি সাংগঠনিক বিভাগের আহ্বায়কের দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো কেন্দ্রীয় সংসদের পূর্ণতা। গত ২০ জুন অনুষ্ঠিত অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে ৯১ সদস্যবিশিষ্ট সংসদের মধ্যে ৮৭ জন নির্বাচিত হয়েছিলেন। ১২ সেপ্টেম্বরের সভায় বাকি চারটি পদে সুখেন রায়, জামাল হায়দার মুকুল, মহিবুল হক রাসেল ও স্বপন কুমার বর্মণকে সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত করা হয়।
এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ হলো ৯১ সদস্যবিশিষ্ট উদীচী কেন্দ্রীয় সংসদ। সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রম জোরদারের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয়।



















