Logo

আন্তর্জাতিক    >>   জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান স্মরণযোগ্য: নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান স্মরণযোগ্য: নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান স্মরণযোগ্য: নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থান শুধু দেশের ভেতরে নয়, প্রবাসীদের অবদানেও স্মরণীয় হয়ে থাকবে—এ কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই। আমরা চাই, আগামী দিনে যে-ই ক্ষমতায় আসুক, তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে হবে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জনগণকে রাখতে হবে।”
বাংলাদেশ কনস্যুলেট অফিস, নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। এ সময় তিনি আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াশিংটন ডিসি থেকে আগত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

তিনি বলেন, “একটা দেশে রাজতন্ত্র চলছিল—রাজা, রাজার বোন, রাজপুত্রদের দাপটের মধ্যে আপনারা ছাত্র–জননেতারা জীবন দিয়ে সেই রাজার পতন ঘটিয়েছেন। আজ কেউ কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে—এটাই স্বাভাবিক।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, যিনি পরে প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করেন। রাত দশটার দিকে প্রশ্নোত্তর পর্বে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।
প্রশ্নোত্তরে ভারতীয় টেলিভিশন ও গণমাধ্যম বন্ধের প্রসঙ্গে মাহফুজ আলম বলেন,
“আমি কোনো কিছু বন্ধের পক্ষে নই। সব সময় বিকল্প ভালো কিছুর পক্ষে কথা বলেছি। আওয়ামী লীগের কিছু বন্ধ করার পক্ষেও আমি নই।”
সরকারি সফরে মাহফুজ আলম আগামী ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।
এদিকে তাঁর বক্তব্য চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বাইরে বিক্ষোভ মিছিল করে। পুলিশ একজনকে আটক করলেও পরে মুক্তি দেয়। বিক্ষোভকারীরা এ সময় ভবনের মূল দরজা ভেঙে ফেলে।
বাংলাদেশ কনস্যুলেট অফিস, নিউইয়র্কে বক্তব্য রাখছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
সূত্র: সনজীবন কুমার