ভাদ্র পরিক্রমার প্রথম দিনের শুভ সূচনা শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসংঘ ইউএসএ ইনকের আয়োজনে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভক্তি ও ভক্তিময় পরিবেশে গত ১৮ আগস্ট ২০২৫, সোমবার, শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসংঘ ইউএসএ ইনকের পরম ভক্ত দিবা কর রায়ের বাসভবনে ভাদ্র পরিক্রমার প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ৯টায় সমাপ্ত এই আয়োজন ভক্তদের অন্তরে এনে দেয় আধ্যাত্মিক প্রশান্তি ও ভক্তিময় অনুভূতি।
অনুষ্ঠানে সৎসংঘ ইউএসএ ইনকের সভাপতি জুলন চৌধুরী, বিজয় কৃষ্ণ ভৌমিকসহ অসংখ্য ভক্তভাই-বোন অংশগ্রহণ করেন। ভক্তরা শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্ম, জীবনদর্শন, সৎসংঘের ইতিহাস, গীতা পাঠসহ নানা ধর্মীয় বিষয়ে আলোচনা করেন। মননশীল এই আলোচনার পাশাপাশি পরিবেশিত হয় ঠাকুরের ভজন ও নামকীর্তন, যা ভক্তদের হৃদয়কে ভরে তোলে গভীর ভক্তিসুধায়।
শেষ পর্বে সভাপতি জুলন চৌধুরী সকল ভক্তভাই-বোনের মঙ্গল কামনা করে জানান যে, আসন্ন ৩০শে ভাদ্র পর্যন্ত প্রতিদিনই ভক্তদের নিজ নিজ বাসভবনে ভাদ্র পরিক্রমার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভক্তদের এই সমবেত সাধনা ও নামকীর্তন নিঃসন্দেহে সকলের জীবনে শান্তি, ভক্তি ও কল্যাণ বয়ে আনবে।



















