বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানমের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রবাসী সংগঠনগুলোর গভীর শোক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নারীনেত্রী, শিক্ষানুরাগী , সাংস্কৃতিক কর্মী ও একুশে পদকপ্রাপ্ত মাহফুজা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদসহ প্রবাসের অসংখ্য সাংস্কৃতিক, সামাজিক ও প্রগতিশীল সংগঠন।
মাহফুজা খানম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। সেই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং মুক্তিকামী ছাত্র-জনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন —যা ছিল নারীদের জন্য একটি ঐতিহাসিক অর্জন।
তিনি কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা, মহিলা পরিষদের নেত্রী, শিশু-কিশোর ও নারী উন্নয়নমূলক অসংখ্য সামাজিক প্রকল্পের উদ্যোক্তা এবং সংস্কৃতিচর্চার নিরলস পথিকৃৎ ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, নারীসমতা এবং শিশুদের সাংস্কৃতিক বিকাশকে প্রাধান্য দিয়েছেন।
তিনি প্রগতিশীল রাজনীতি, সংস্কৃতি ও মুক্তচিন্তার প্রসারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর নেতৃত্বে অসংখ্য প্রজন্ম দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক চেতনার অনুপ্রেরণা পেয়েছে।
মাহফুজা খানমের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছেন
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারীও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, জ্যামাইকা শাখার সভাপতি আশিস রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, ব্রঙ্কস শাখার সাধারণ সম্পাদক কাবির হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ধনঞ্জয় সাহা, প্রজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, বন্হি শিখা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি সবিতা দাস, সংগীত পরিষদ নিউইয়র্কের প্রতিষ্ঠাতা সভাপতি কাবেরী দাশ, শিল্পকলা একাডেমি ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মনিকা রায় চৌধুরী, প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু, সংগঠক সুব্রত তালুকদার, জয়দেব গাইন, সুশীল সিনহা, ফটো সাংবাদিক তাপস সাহা, কবি বনানী সিনহা, সংগীত শিল্পী ফুলু রায় ও লিলি মজুমদার, আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা মুনমুন সাহা, সংগীত শিল্পী সূপর্ণা সরকার রিমা প্রমুখ।
শোকবার্তায় তাঁরা বলেন, মাহফুজা খানম শুধু একজন মুক্তিযোদ্ধা বা সাংস্কৃতিক সংগঠক ছিলেন না, তিনি ছিলেন ন্যায়, সত্য ও মুক্তচিন্তার প্রতীক। তাঁর জীবন ও কর্ম থেকে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা পাবে। তাঁর অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, অধ্যাপক মাহফুজা খানম প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অংশীজন এবং নারী আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ১২ আগস্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর এবং তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।



















