বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা গণতন্ত্র ও ন্যায়ের জন্য পাহাড়-সমতলের ঐক্যবদ্ধ লড়াই: সাদ্দাম হোসেন (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ)
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আজ ৯ আগস্ট—আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই মহিমান্বিত দিনে বাংলাদেশের সকল আদিবাসী জনগোষ্ঠীকে, বিশেষ করে সংগ্রামী আদিবাসী শিক্ষার্থীদের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের পাহাড় থেকে সমতল—সবখানে আদিবাসী জনগণ ভয়াবহ জাতিগত নিপীড়ন ও বৈষম্যের মুখোমুখি হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পরপরই দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের বসতবাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও উচ্ছেদের মতো নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাদ দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপরও হামলা চালানো হয়েছে।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি—একটি উগ্রবাদী গোষ্ঠী কোনো বাছবিচার ছাড়াই সমগ্র আদিবাসী সম্প্রদায়কে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। এটি শুধু জাতিগত সম্প্রীতির জন্য নয়, বরং আমাদের জাতীয় ঐক্যের জন্যও মারাত্মক হুমকি।
অন্যদিকে, ১৯৯৭ সালে শেখ হাসিনা সরকারের ঐতিহাসিক শান্তিচুক্তি এবং ২০০৯–২০২৪ মেয়াদে তার ধারাবাহিক বাস্তবায়ন পাহাড়ি ও সমতলের মধ্যে শান্তি, উন্নয়ন ও সহাবস্থানের পথকে সুদৃঢ় করেছে—যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আদিবাসীরা এই ভূখণ্ডেরই সন্তান। মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক উক্য চিং মারমাসহ অসংখ্য আদিবাসী যোদ্ধা ও মুক্তিকামী মানুষ জীবন উৎসর্গ করেছেন এই দেশের স্বাধীনতার জন্য। বাঙালি ও আদিবাসী—আমরা একই পুষ্পের দুটি পাপড়ি, একই স্বপ্নের সহযাত্রী।
বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি, ভাষা, রীতিনীতি ও ধর্মবিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধাশীল। এই বৈচিত্র্যময় ঐতিহ্যকে আমরা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ভাণ্ডারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করি।
আমরা অঙ্গীকার করছি—যে কোনো বৈষম্য, সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে আমরা সবসময় আদিবাসী শিক্ষার্থীদের পাশে থাকব। পাহাড় ও সমতলের মিলিত শক্তিই আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের নিশ্চয়তা দেবে।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।
সাদ্দাম হোসেন
সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ (কেন্দ্রীয়)


















