Logo

আন্তর্জাতিক    >>   চায়নাটাউনে ‘এএপিআই ফর অ্যাডামস’ সমাবেশ: মেয়র অ্যাডামসকে ঘিরে এশীয় সম্প্রদায়ের ঐক্য ও সমর্থনের জোয়ার

চায়নাটাউনে ‘এএপিআই ফর অ্যাডামস’ সমাবেশ: মেয়র অ্যাডামসকে ঘিরে এশীয় সম্প্রদায়ের ঐক্য ও সমর্থনের জোয়ার

চায়নাটাউনে ‘এএপিআই ফর অ্যাডামস’ সমাবেশ: মেয়র অ্যাডামসকে ঘিরে এশীয় সম্প্রদায়ের ঐক্য ও সমর্থনের জোয়ার

প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক, আমেরিকা:

গত ১৮ জুলাই ২০২৫ নিউইয়র্ক সিটির চায়নাটাউনের ঐতিহাসিক কনফুসিয়াস প্লাজায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো এশীয় আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার (AAPI) সম্প্রদায়ের বিশাল সমাবেশ ‘এএপিআই ফর অ্যাডামস’। আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থী এরিক অ্যাডামস-এর প্রতি ব্যাপক সমর্থন জানাতে এই সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃত্ব, অ্যাকটিভিস্ট ও সাধারণ নাগরিকরা।

চাইনিজ ড্রাগন নৃত্যের মাধ্যমে উৎসবমুখরভাবে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত জনতা মেয়র অ্যাডামসকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তিনি দীর্ঘদিন ধরে চায়নাটাউনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন এবং এই অঞ্চলের নানা সমস্যায় সরাসরি অংশগ্রহণ করেছেন—এই বিশ্বাস থেকেই এএপিআই সম্প্রদায়ের বহু ব্যক্তি তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেন। সমাবেশজুড়ে নিরাপত্তা, পুলিশি বাজেট, এশিয়ান-বিদ্বেষের বিরুদ্ধে প্রতিরোধ এবং চায়নাটাউনের সংস্কৃতি ও জনজীবন রক্ষার দাবিতে এক ঐক্যবদ্ধ বার্তা উচ্চারিত হয়।

চায়নাটাউনের পরিচিত মুখ ও অভিজ্ঞ সংগঠক জনাব জাস্টিন ইউ, যিনি চাইনিজ কনসোলিডেটেড বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও চায়নাটাউনের জেলা নেতা, এই সমাবেশে নেতৃত্ব দেন এবং অ্যাডামসকে সক্রিয় সমর্থন জানান। 

এই বৃহৎ সমাবেশের অন্যতম প্রধান আয়োজক ছিলেন জনাব বেন ওয়ে, যিনি এএপিআই সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সমাবেশে অংশগ্রহণ করেন জনাবা লুদি ভিক্টর রামোস, 1199SEIU-এর সদস্য, যিনি এশিয়ান হেইট-ক্রাইমের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন এবং সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

চায়নাটাউনের নাগরিক স্বার্থরক্ষা এবং পরিকল্পিত গৃহহীন আশ্রয়কেন্দ্র নির্মাণের বিরোধিতায় সক্রিয় ভূমিকা রাখেন জনাব জ্যাকি ওং, গ্রেটার চায়নাটাউন সিভিক কোয়ালিশনের প্রতিনিধি। পশ্চিম উপকূলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কার্ল চ্যান, ওকল্যান্ড চায়নাটাউন চেম্বার ফাউন্ডেশনের সভাপতি, যিনি নিরাপত্তা ও সম্প্রদায় রক্ষার জন্য চায়নাটাউনগুলোতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ নেতৃত্ব এই সমাবেশে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন তাদের মধ্যে ছিলেন , মিস ক্যান্ডিস টলিভার, রাজনৈতিক পরিচালক, SEIU Local 32BJ ,জনাব রবি রেড্ডি, এশিয়ান আমেরিকান ফেডারেশন ,জনাব ল্যারি লি, কোয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ ,মহাশয়  প্রিয়তোষ দে, নির্বাহী পরিচালক, আমেরিকান হিন্দু কোয়ালিশন (নিউইয়র্ক চ্যাপ্টার) , মিস মনিকা রায় চৌধুরী, সভাপতি ও প্রতিষ্ঠাতা, শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক এবং বাংলাদেশি আমেরিকান উইমেন ফর প্রোগ্রেস , এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ অফিসার রাজীব ঘোষ সহ পুলিশ অফিসারবৃন্দ ।

সমাবেশের মূল আয়োজক হিসেবে কাজ করেছে চায়নাটাউন সিকিউরিটি ফাউন্ডেশন এবং কোয়ালিশন ফর আ বেটার চাইনিজ আমেরিকান কমিউনিটি। এই দুটি সংগঠনের নেতৃত্বে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।সমাবেশের শেষাংশে মেয়র অ্যাডামস উপস্থিত জনতার সঙ্গে সরাসরি কথা বলেন এবং আবারও চার বছরের জন্য নির্বাচিত হলে কীভাবে চায়নাটাউন ও এএপিআই সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবেন, সে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ভোটারদের সক্রিয় হতে এবং আসন্ন নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেন।চায়নাটাউনের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবেশ নিউইয়র্কের বহুজাতিক সমাজে এক শক্তিশালী বার্তা পাঠিয়েছে—নেতৃত্বের জন্য একজন অভিজ্ঞ, পরিচিত ও স্থিরতাপূর্ণ মানুষকে বেছে নেওয়াই এখন সময়ের দাবি। এএপিআই সম্প্রদায়ের পক্ষ থেকে সেই দায়িত্বের ভার বর্তেছে এরিক অ্যাডামসের কাঁধে।