Logo

আন্তর্জাতিক    >>   ১৬৫ বছরের পুরনো তাপ বিকিরণ সূত্র ভেঙে বিশ্ববিজয় করলেন বাংলাদেশি বিজ্ঞানী প্রমিত ঘোষ

১৬৫ বছরের পুরনো তাপ বিকিরণ সূত্র ভেঙে বিশ্ববিজয় করলেন বাংলাদেশি বিজ্ঞানী প্রমিত ঘোষ

১৬৫ বছরের পুরনো তাপ বিকিরণ সূত্র ভেঙে বিশ্ববিজয় করলেন বাংলাদেশি বিজ্ঞানী প্রমিত ঘোষ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে কর্মরত বিজ্ঞানী প্রমিত ঘোষ আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন। তাপ বিকিরণ সংক্রান্ত ১৬৫ বছরের পুরনো Kirchhoff’s Law ভেঙে তিনি বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটিয়েছেন।

এই গবেষণায় প্রমিত ও তাঁর দল একটি মাত্র ২ মাইক্রোমিটার পুরু বিশেষ পদার্থ তৈরি করেছেন, যা মেটা-মেটেরিয়াল নামে পরিচিত। এটি পাঁচটি পৃথক সেমিকন্ডাক্টর স্তর দিয়ে গঠিত এবং বৈশিষ্ট্যে এমন যে এটি প্রচলিত তত্ত্বের বিপরীতে কাজ করে। প্রচলিত বিজ্ঞানে ধরে নেওয়া হয়, কোনো পদার্থ যতটা তাপ শোষণ করে, ঠিক ততটাই তাপ বিকিরণ করে। কিন্তু এই নতুন পদার্থটি কম তাপ শোষণ করেও বেশি তাপ বিকিরণ করতে সক্ষম। ফলে Kirchhoff-এর সূত্র এখানে আর খাটে না।

গবেষণার অংশ হিসেবে তারা ‘ম্যাগনেটিক থার্মাল স্পেকট্রোফটোমিটার’ নামের একটি নতুন প্রযুক্তি ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে পরীক্ষাগুলি সম্পন্ন করেন। ফলাফল এতটাই তাৎপর্যপূর্ণ যে এটি বিশ্বখ্যাত জার্নাল Physical Review Letters-এ প্রকাশিত হয়েছে।

এই আবিষ্কার ভবিষ্যতের সৌর প্যানেল, ইনফ্রারেড সেন্সর, তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং থার্মাল ব্যাটারির মতো প্রযুক্তির জন্য এক বৈপ্লবিক দিগন্ত খুলে দেবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, শিল্প ও প্রযুক্তির নানা ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতির পথ প্রশস্ত করবে।

একজন বাংলাদেশি বিজ্ঞানীর এই অসাধারণ অর্জন গোটা জাতির জন্য গর্বের বিষয়। বিশ্বের উচ্চতর গবেষণা ও উদ্ভাবনের অঙ্গনে বাংলাদেশের বিজ্ঞানসম্ভাবনা আবারও স্বীকৃতি পেল এই সাফল্যের মধ্য দিয়ে। সূত্র:ফেইসবুক পোস্ট