Logo

রাজনীতি    >>   জাতীয় আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনই একমাত্র পথ: জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তাদের সরব উচ্চারণ: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আয়োজন

জাতীয় আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনই একমাত্র পথ: জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তাদের সরব উচ্চারণ: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আয়োজন

জাতীয় আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনই একমাত্র পথ: জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তাদের সরব উচ্চারণ: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

‘অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, নির্বাচন প্রশ্নে জাতির সঙ্গে ছলচাতুরি চলতে পারে না। জনগণের মালিকানা নিশ্চিত করতে হলে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

গত ১২ জুলাই (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাসদের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন এবং বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচনে যাদের ভয়, তারাই নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায়। তারা প্রেশার গ্রুপ হয়ে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে অবিলম্বে নির্বাচন ছাড়া কোনো পথ নেই।”

তিনি আরও বলেন, কমিশনের পক্ষে এ সংকটের সমাধান সম্ভব নয়। “যতটুকু ঐকমত্য হয়েছে, সেটিকে ভিত্তি করে নির্বাচনেই যেতে হবে,”–জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সরকার যদি চায়, তাহলে আগামী ৩-৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। কিন্তু অনিশ্চয়তা ও সিদ্ধান্তহীনতা নৈরাজ্যের জন্ম দিতে পারে।”

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “অন্তর্বর্তী সরকারের কাছে জাতি জানতে চায়—কবে নির্বাচন? কিন্তু সরকার কানামাছি খেলছে। একদিকে কিংস পার্টি বানানো হচ্ছে, অন্যদিকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। জাতির সঙ্গে এই তামাশা বন্ধ করতে হবে ।

আলোচনায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, “সরকার বারবার বলছে নির্বাচন দেবে, কিন্তু মানুষের মনে এখনও গভীর সন্দেহ রয়ে গেছে। তারা ভাবছে, সত্যিই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ?

সভাটি সঞ্চালনা করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম শিকদার, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , বিএনপি চেয়ারপারসনের, উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন ,নাগরিক ঐক্যের সভাপত ,মাহমুদুর রহমান মান্না ,সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ,রাষ্ট্র সংস্কার আন্দোলনে সভাপতি হাসনাত কাইউম ,বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ,দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাঈদ খান ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ড. সোহেল আহমেদ ,দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহউদ্দিন ,বিলস্-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস যেমন জনগণের অধিকার আদায়ের রক্তাক্ত দলিল, তেমনি আজকের সংকটময় সময়ে তা আবারও গণতন্ত্রের লড়াইকে স্মরণ করিয়ে দেয়। তারা দেশের জনগণকে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সূত্র: সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।