Logo

রাজনীতি    >>   বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: নিউইয়র্কে শাম্মী আক্তারের ঘোষণা

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: নিউইয়র্কে শাম্মী আক্তারের ঘোষণা

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: নিউইয়র্কে শাম্মী আক্তারের ঘোষণা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউইয়র্ক মহানগর (উত্তর) শাখার উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই ব্রঙ্কসের আল আসকা চাইনিজ রেস্টুরেন্টে এই সভা বিপুল উৎসাহ ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম স্বপন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহসম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এ জেড এম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আমির হোসেন।

সভায় শাম্মী আক্তার বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নে বিএনপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা আজ ইতিহাসের অংশ। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছে এবং গণতন্ত্র রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে বিএনপি নিরবচ্ছিন্নভাবে আওয়ামী দমননীতির শিকার হয়েছে এবং খালেদা জিয়া ও তাঁর পরিবার রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তিনি বলেন, বিএনপিকে আন্দোলনের পাঠ পড়িয়ে লাভ নেই। বিএনপি রক্তচক্ষুকে ভয় পায় না। আন্দোলনই বিএনপির শক্তি ও ভিত্তি। এই দল রাজপথে থেকেই সংগঠন গড়ে তুলেছে।

নারী উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নারীদের জন্য বিশেষভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মতো কার্যকরী কর্মসূচি প্রণয়ন করবে। তিনি দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে ‘অমূল্য’ উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোমতাজ উদ্দিন। সভায় বক্তব্য রাখেন শরিফুল খালিশদার, সোহেব আহমদ, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সুলতান মাহমুদ সিদ্দিকি, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া, দুলাল রহমান, কাওছার মো. আলী রাজা, শাহ কামাল উদ্দীন, খন্দকার আব্দুল বাকি, সামুন মাহমুদ, আব্দুর রব কাওছার, ওয়াহিদ উজ্জল, আশিকুল হক, ফখরুল ইসলাম, অপু সিং, মো. আব্দুল বাকী, শেখ আক্তার হোসেন নান্নু, কবির ফারুক, জিল্লুর রহমান খান, তপদীর রায় বরুন, সৈয়দ আবুল কাশেম, বেগ ইসলাম মিটু, আব্দুল মোক্তাদির, আহাদ হেলাল, মো. শেক্সপিয়র রহমান ও মালিক আহমদ।

সভায় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার শেষে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।

এই আলোচনা সভা নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাংগঠনিক দৃঢ়তা ও প্রবাসী নেতাকর্মীদের ঐক্য-সংহতির একটি স্পষ্ট বহিঃপ্রকাশ হয়ে উঠেছে।

সূত্র: মো: সাখাওয়াত হোসেন সেলিম ।