Logo

আন্তর্জাতিক    >>   জ্যামাইকায় ‘জীবন’ সংগঠনের প্রথম বনভোজন ও নতুন কমিটি ঘোষণা: কারাম চৌধুরী সভাপতি ও রাসেক মালিক সাধারণ সম্পাদক নির্বাচিত

জ্যামাইকায় ‘জীবন’ সংগঠনের প্রথম বনভোজন ও নতুন কমিটি ঘোষণা: কারাম চৌধুরী সভাপতি ও রাসেক মালিক সাধারণ সম্পাদক নির্বাচিত

জ্যামাইকায় ‘জীবন’ সংগঠনের প্রথম বনভোজন ও নতুন কমিটি ঘোষণা: কারাম চৌধুরী সভাপতি ও রাসেক মালিক সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নিউইয়র্কের জামাইকা অঞ্চলে গঠিত বাংলাদেশি আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সংগঠন ‘জীবন’ (JIBON – Jamaica Integrated Bangladeshi Officers Network) ২০২৫ সালের ২৮ জুন শনিবার কুইন্সের ক্যানিংহ্যাম পার্কে প্রথমবারের মতো বনভোজন এবং সংগঠনের আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করে।

২০১৭ সালে জামাইকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই সংগঠনের স্বপ্ন যাত্রা শুরু হয়। শুরুতে স্বল্প পরিসরে আয়োজিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে সংগঠনটিকে সংগঠিত ও সুসংহত করে তোলে। আট বছর পর এবারই প্রথম বড় পরিসরে একটি বনভোজন আয়োজনের মাধ্যমে সংগঠনটি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে।

ক্যানিংহ্যাম পার্কের সবুজ প্রান্তরজুড়ে অনুষ্ঠিত এই বনভোজনে শিশু-কিশোরদের জন্য ছিল ফেস পেইন্টিং, বেলুন, বাবলস, কটন ক্যান্ডি, ওয়াটার গান খেলা ও জাদু প্রদর্শন। বড়দের জন্য ছিল দলগত খেলা, গল্প আড্ডা এবং সুরের ছন্দে এক সাংস্কৃতিক পরিবেশনা। দিনভর অতিথিদের জন্য নিজস্ব উদ্যোগে প্রস্তুত করা হয় মুখরোচক খাসির মাংসের ঝোলসহ প্রিয় সব খাবার।

বনভোজনের মূল পর্বে সংগঠনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন ডিটেকটিভ রাসেক মালিক। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি পুলিশ অফিসার মোঃ হালিম, কোষাধ্যক্ষ ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পঙ্কজ রায়, সহ-কোষাধ্যক্ষ ট্রাফিক সুপারভাইজার অনিক ইসলাম, ইভেন্ট কো-অর্ডিনেটর এনওয়াইসি কারেকশন সার্জেন্ট হাসান আহমেদ, স্পোর্টস লিয়াজোন অফিসার মোহাম্মদ মাকিজ এবং মিডিয়া লিয়াজোন ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সার্জেন্ট মেহেদী মামুন, পুলিশ অফিসার রাজীব ঘোষ এবং পুলিশ অফিসার সর্দার আল মামুন এ আয়োজনে নেতৃত্ব দেন। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় ‘জীবন’ পরিণত হয়েছে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্মে।

বনভোজনে কমিউনিটি সার্ভিস, পেশাগত উৎকর্ষ এবং সামাজিক উদ্যোগে অবদানের জন্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন—ইন্সপেক্টর আদিল রানা, ইন্সপেক্টর আব্দুল্লাহ খানডকার, অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান, মির সাব্বির, জুহাইব চৌধুরী, ফকরুল ইসলাম দেলোয়ার, শাহরিয়ার রহমান, গিয়াস আহমেদ, ড. দিলীপ নাথ, রিনা সাহা, বিলাল চৌধুরী, ডেপুটি ইন্সপেক্টর রালফ এ. ক্লেমেন্ট, TSBA প্রেসিডেন্ট মোহাম্মদ উদ্দিন, অ্যাটর্নি আফফার বক্স এবং ‘ভিভিড মর্টগেজ’ প্রতিষ্ঠান।

প্রায় তিন শতাধিক প্রবাসীর অংশগ্রহণে আয়োজিত এই বনভোজনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশের প্রাক্তন বক্সার ও নিউইয়র্ক অক্সিলিয়ারি পুলিশের ক্যাপ্টেন এনায়েত আলী, লেফটেন্যান্ট উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট সোলাইমান, সাহা জে চৌধুরী, মোহাম্মদ জলিল, রিয়েল এস্টেট ইনভেস্টর আল আমিন হোসেন, আরিফ হোসেন, এম ডি এ মাসুম, ইজাজ হোসেন, অভিনেত্রী রিচি সোলাইমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

বর্ণাঢ্য র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ‘জীবন’-এর প্রথম বনভোজন ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকদের মতে, এটি কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশি-আমেরিকান আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের একটি ঐক্যবদ্ধ ও প্রেরণাদায়ক প্ল্যাটফর্ম তৈরির প্রথম ধাপ।