Logo

আন্তর্জাতিক    >>   সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাদণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ ও র‍্যালি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাদণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ ও র‍্যালি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাদণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ ও র‍্যালি

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে একটি কথিত মামলায় ছয় মাসের অবৈধ ও বেআইনি কারাদণ্ড প্রদান করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিউইয়র্কে এক তীব্র প্রতিবাদ সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জুলাই ২০২৫ বুধবার সন্ধ্যা ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই প্রতিবাদ সভা ও র‍্যালির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা প্রদীপ রক্ষন কর এবং সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।

সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের চেতনার সমর্থক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবু বকর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক ও উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, শেখ হাসিনা মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জলিল, দেলোয়ার হোসেন মোল্লা, শারমিন তালুকদার, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “এটি বাংলাদেশের ইতিহাসে বিচারব্যবস্থার সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। কথিত আদালত অবমাননার অভিযোগে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই, শেখ হাসিনাকে বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় একতরফাভাবে ছয় মাসের সাজা দেয়া হয়েছে। এই রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সংবিধানবিরোধী এবং আইন ও ন্যায়বিচারের পরিপন্থী।”

তারা আরও বলেন, “এই প্রহসনমূলক রায় প্রমাণ করে—বাংলাদেশে আইনের শাসন আজ ধ্বংসপ্রাপ্ত, বিচারব্যবস্থা একটি দলীয় স্বার্থরক্ষাকারী যন্ত্রে পরিণত হয়েছে। খুনি ইউনূসের নেতৃত্বাধীন তথাকথিত অন্তর্বর্তী জঙ্গি সরকারের নির্দেশে গঠিত এই ট্রাইব্যুনাল দেশের বিচারাঙ্গনে ক্যাঙ্গারু কোর্টের নতুন নজির স্থাপন করেছে।”

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানান, “বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও বিচারিক স্বচ্ছতার উপর চলমান এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হোন। শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া এই অবৈধ রায় অবিলম্বে বাতিল করতে হবে এবং বিচার বিভাগের ওপর যে দখলদারিত্ব চলছে, তা বন্ধ করতে হবে।”

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশের জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে। আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা ঐক্যবদ্ধভাবে এই জঙ্গি ও খুনি চক্রকে প্রতিহত করবে।”

সূত্র: বার্তা সংস্থা বাপসনিউজ।