Logo

আন্তর্জাতিক    >>   আজ থেকে অনলাইনে সংবাদ সম্প্রচার শুরু করছে ‘বাঙালীয়ানা’

আজ থেকে অনলাইনে সংবাদ সম্প্রচার শুরু করছে ‘বাঙালীয়ানা’

আজ থেকে অনলাইনে সংবাদ সম্প্রচার শুরু করছে ‘বাঙালীয়ানা’

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের গণমাধ্যমে নানা প্রকাশ্য ও অপ্রকাশ্য বিধিনিষেধের বাস্তবতায় যখন সত্যনিষ্ঠ সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই দেশের বাইরে থেকে স্বাধীনভাবে সংবাদ সম্প্রচারের এক সাহসী উদ্যোগ নিয়েছে ‘বাঙালীয়ানা’। আজ ১লা জুলাই ২০২৫ থেকে এই নতুন অনলাইন প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্প্রচার শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে ট্রায়াল সম্প্রচার পর্ব অত্যন্ত সফলভাবে চলছে।

এই চ্যানেলের অন্যতম উদ্যোক্তা ও মুখপাত্র সাগর লোহানী জানিয়েছেন,“দেশের গণমাধ্যমে সীমাবদ্ধতার কারণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা যায় না। কিন্তু দেশের বাইরে থেকে সংবাদ প্রচারে সেই সীমাবদ্ধতা নেই। ফলে দেশের ভেতরে থাকা অনেক সাংবাদিক, গবেষক, কলাম লেখক ও তথ্য-উৎসাহী মানুষ এ প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এটি একটি সম্মিলিত প্রয়াস – মেধা, শ্রম এবং সম্পূর্ণ স্বতন্ত্র অর্থায়নে গড়ে তোলা একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম।”

বাঙালীয়ানার এই যাত্রা শুধু সংবাদ প্রচারেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাঙালির সংস্কৃতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রবাসের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের জন্য এটি হয়ে উঠবে একটি বিশ্বাসযোগ্য তথ্যভান্ডার।

চ্যানেল কর্তৃপক্ষ আশাবাদী যে, পেশাগত মান, নিরপেক্ষতা এবং সততার ভিত্তিতে তারা সংবাদ মাধ্যম হিসেবে পাঠক-দর্শকের আস্থা অর্জন করতে পারবে।

সাগর লোহানী আরও বলেন,“আমাদের পাশে যদি আপনি থাকেন – আপনার অংশগ্রহণ, পরামর্শ, তথ্য বা লেখনী দিয়ে – আমরা এই প্রয়াসকে আরও সমৃদ্ধ ও জনমুখী করে তুলতে পারবো।”

তথ্য ও সত্যের পক্ষে নির্ভীকভাবে দাঁড়াতে চাওয়া ‘বাঙালীয়ানা’-র এই পদক্ষেপ নিঃসন্দেহে সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়। যারা সংবাদ ও সমাজ নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই এই উদ্যোগকে স্বাগত জানাবেন এবং পাশে থাকবেন।

 

প্রেস/সাংবাদিকদের জন্য নোট: সংবাদ পাঠাতে, মতামত জানাতে বা অংশীদার হতে যোগাযোগ করুন:

ইমেল:- Bangalianaatv@gmail.com

ফোন:- +19176808772

ওয়েবসাইট:- bangalianaa.com

ইউটিউব লিংক:- youtube.com/c/Bangalianaatv