চিন্ময় কৃষ্ণ দাসকে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে দুইটি মামলায় দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার অভিযোগের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তদন্ত কর্মকর্তার করা দুইটি আবেদনে আদালত এ আদেশ দিয়েছে।
চট্টগ্রামের একটি আদালত আজ রোববার এ আদেশ দিয়েছে বলে নিশ্চিত করেছেন আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী। চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানায় এই রাষ্ট্রদ্রোহ ও হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল।
গত বছরের ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।এরপর গত ৩০শে এপ্রিল এ মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট। পরে আবার রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করলে গত ৬মে জামিন স্থগিত চেম্বার জজ আদালত। এরপর আবারও তাকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।সূত্র: বিবিসি


















