রাষ্ট্রের অভিভাবককে অপমানের ষড়যন্ত্র: মো. আবদুল হামিদকে ঘিরে ইউনূস গং-এর গোয়েবলসীয় মিথ্যাচার ও রাজনীতি শূন্য করার মহাপরিকল্পনা
সাদ্দাম হোসেন, প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি (২০১৩–২০২৩) মো. আবদুল হামিদ সম্পর্কে ইউনূস গং যে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
মো. আবদুল হামিদ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। হাওড়বেষ্টিত এক প্রান্তিক জনপদের প্রতিনিধি হয়েও তিনি জাতীয় রাজনীতিতে অনন্য অবদান রেখেছেন। সংসদ সদস্য, স্পিকার এবং রাষ্ট্রপতি হিসেবে তাঁর সততা, আদর্শবাদিতা ও নিরপেক্ষতা তাঁকে জাতির অভিভাবকে রূপান্তরিত করেছে।
ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে তিনি পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। গুরুদয়াল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও সভাপতি, কিশোরগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭০ সালে সর্বকনিষ্ঠ এমএনএ হিসেবে নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেন যে, আদর্শ ও পরিশ্রমের মাধ্যমে রাজনীতিতে সম্মানজনক অবস্থানে পৌঁছানো সম্ভব।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তিনি দলমতের ঊর্ধ্বে থেকে সকলের আস্থা অর্জন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সম্পূর্ণ বিতর্কহীন, নিষ্ঠাবান ও সৎ একজন রাজনীতিক।
কিন্তু আজ, বার্ধক্যজনিত কারণে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত এই প্রাজ্ঞ নেতাকে ঘিরে যে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে, তা দেশের সচেতন মানুষদের আহত করেছে। ইউনূস ও তার তথাকথিত ‘কিংস পার্টি’ যে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র করছে, তারই অংশ এই মিথ্যাচার।
মো. আবদুল হামিদের মতো একজন ইতিহাসসৃষ্টি নেতৃত্বকে কালিমালিপ্ত করার চক্রান্ত গণতন্ত্র, নৈতিকতা ও রাজনৈতিক শিষ্টাচার—সবকিছুর প্রতি অবজ্ঞা।
বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়ভাবে মনে করে, এই অপচেষ্টা শুধু একজন প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে নয়, বরং দেশের সংবিধান, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেও এক গভীর আঘাত। আমরা দেশের সচেতন নাগরিক, ছাত্র-জনতাকে আহ্বান জানাচ্ছি—এই গোয়েবলসীয় অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন, ঐক্যবদ্ধ হোন। দেশ ও রাজনীতি ধ্বংসকারী অপশক্তিকে প্রতিহত করুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সাদ্দাম হোসেন
সভাপতি , কেন্দ্রীয় ছাত্রলীগ
ঢাকা, বাংলাদেশ।
















