Logo

অর্থনীতি    >>   হামলা-পাল্টা হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন

হামলা-পাল্টা হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন

হামলা-পাল্টা হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলার মধ্যে বৃহস্পতিবার (৮ মে) ভারত ও পাকিস্তানের শেয়ারবাজারে বড়  দরপতন হয়েছে। ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এবং নিফটি প্রায় অর্ধ শতাংশ দর পতনের রেকর্ড করেছে।

একই সময়ে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। বিক্রিতে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা।

শেয়ার কেনা-বেচার সময় ব্যাপক দর পতনের কারণে লেনদেন বন্ধ করতে হয়। লেনদেন কমেছে ছয় শতাংশেরও বেশি।

তাছাড়া মুদ্রা বাজারেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল আতঙ্ক। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম এক শতাংশেরও বেশি কমে গেছে, কমেছে পাকিস্তানি রুপির দামও।

দুই দেশই একে অপরকে ড্রোন হামলার জন্য অভিযুক্ত করায় বৃহস্পতিবার উদ্বিগ্ন ছিল বিনিয়োগকারীরা।

 

এদিকে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) দিনগত রাত ও বৃহস্পতিবার (৮ মে) সকালের দিকে এই হামলা চালায় পাকিস্তান। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানায়নি নয়াদিল্লি।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।

অন্যদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি