Logo

অর্থনীতি    >>   সব জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

সব জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা দিলেন  ডোনাল্ড ট্রাম্প

সব জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ধরনের জেনেরিক ওষুধের ওপর সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ নীতির মাধ্যমে জেনেরিক ওষুধ আমদানায় দীর্ঘদিনের বিশেষ সুবিধার অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোকে দেশটির ভেতরে উৎপাদন কারখানা স্থাপনে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ২০২৬ সালের ১ আগস্ট থেকে শুরু হবে দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন বা রূপান্তরকাল। এ সময় যুক্তরাষ্ট্রে আমদানি করা জেনেরিক ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। তবে এই সময়সীমা শেষ হওয়ার পরবর্তী এক বছরে শুল্কের হার এক লাফে ১০০ শতাংশে উন্নীত হবে। এরপরের বছর থেকে তা বেড়ে ২০০ শতাংশে পৌঁছাবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা স্থাপন করতে ব্যর্থ হবে, তাদের জন্য এই উচ্চ শুল্ক কার্যত একটি আর্থিক শাস্তি হিসেবে কাজ করবে। তার ভাষায়, এর লক্ষ্য হলো জেনেরিক ওষুধের উৎপাদন আবারও যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা।

তিনি আরও জানান, পেটেন্টপ্রাপ্ত ব্র্যান্ডেড ওষুধের জন্য প্রশাসনের পৃথক শুল্ক নীতিতে কোনো পরিবর্তন আসছে না। সেই নীতির আওতায় সংশ্লিষ্ট ওষুধের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ বহাল থাকবে। তবে নতুন শুল্ক কীভাবে কার্যকর হবে, কোন কোন পণ্য এর আওতায় পড়বে কিংবা কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হবে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। সূত্র: সিএনবিসি, এজেএমসি, জাগোনিউজ