বিশ্বব্যাপী সনাতনী হিন্দু নিপীড়নের প্রতিবাদে নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর বিক্ষোভ সমাবেশ; মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতির আহ্বান
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
কাশ্মীর, মুর্শিদাবাদ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতনী হিন্দুদের উপর চলমান অত্যাচার, দমন-পীড়ন এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত হয় এক বিক্ষোভ সমাবেশ।
‘ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভজন সরকার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায় আজ ভয়াবহ সংকটের মুখে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর হাতে হিন্দুদের ওপর বর্বর হামলা, হত্যাকাণ্ড, নারী ও শিশুর ওপর যৌন নির্যাতন অব্যাহত রয়েছে। বাড়ছে মিথ্যা মামলা , নির্যাতন ও উচ্ছেদের ঘটনা। এসব ঘটনার নেপথ্যে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী ও রাজনৈতিক প্রশ্রয়—এমন মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক শিতাংশু গুহ, অধ্যাপক নবেন্দু দত্ত, ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক সুশীল সিনহা, উপদেষ্টা সুবল দেবনাথ, সহ-সভাপতি জয়দেব গাইন, সম্পাদক পরেশচন্দ্র ধর, রূপক নন্দী, অজয় এবং মিডিয়া সম্পাদক ও আলোকচিত্রী বিধান চন্দ্র পাল।
বক্তারা বলেন, “সম্প্রতি ভারতে উগ্র জঙ্গিদের হাতে ২৮ জন নিরীহ হিন্দু নির্মমভাবে নিহত হয়েছেন। একইসাথে সারা বিশ্বজুড়ে ইসলামিক মৌলবাদী গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘন করে চলছে। এর বিরুদ্ধে এখনই সুসংগঠিত প্রতিরোধ গড়ে তোলা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”
এছাড়াও আলোচনায় উঠে আসে চিন্ময় প্রভূর বিরুদ্ধে দায়েরকৃত কথিত রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়টি। বক্তারা জানান, “চিন্ময় প্রভূকে ছয় মাস ধরে অন্যায়ভাবে আটক রাখা হয়, জামিন মঞ্জুরের পর মাত্র দুই ঘণ্টার মধ্যে আদালতের আদেশ স্থগিত করে সরকার তার মুক্তি আটকে দেয়। এটি বিচার ব্যবস্থার প্রতি নগ্ন হস্তক্ষেপের নজির।”
বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই এসব মানবতাবিরোধী অপরাধ ও ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলতে হবে।”
সভাপতি ভজন সরকার তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “সনাতনী হিন্দু সমাজ আজ অস্তিত্বের লড়াইয়ে লিপ্ত। এখনই ঐক্যবদ্ধভাবে নিজেদের অস্তিত্ব রক্ষায় সোচ্চার হতে হবে। এ লড়াই কোনো এক দেশের নয়—এটি বৈশ্বিক মানবতার লড়াই।”
তিনি সমাবেশে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং প্রতিবাদ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
















