Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের নতুন নেতৃত্বের অভিষেক ও শপথ গ্রহণ: ৬২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন, ঐক্য, সম্প্রীতি ও সংগঠনের অগ্রগতির প্রত্যয়

নিউইয়র্কে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের নতুন নেতৃত্বের অভিষেক ও শপথ গ্রহণ: ৬২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন, ঐক্য, সম্প্রীতি ও সংগঠনের অগ্রগতির প্রত্যয়

নিউইয়র্কে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের নতুন নেতৃত্বের অভিষেক ও শপথ গ্রহণ: ৬২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন, ঐক্য, সম্প্রীতি ও সংগঠনের অগ্রগতির প্রত্যয়

উত্তম কুমার সাহা, প্রজ্ঞা নিউজ:

নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের বার্ষিক সাধারণ সভা, নবনির্বাচিত ২০২৭-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান। ৬২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অভিষেককে কেন্দ্র করে প্রবাসী গোপালগঞ্জবাসীসহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।


২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সভাপতি হাজী শেখ শাহীন এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আলী।

গত ২৮ নভেম্বর ২০২৬, শনিবার  সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জনপ্রিয় সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি রমাকান্ত বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ ইমতিয়াজ হোসেন (রিপন)-এর সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই  বিদায়ী সাধারণ সম্পাদক শরীফ ইমতিয়াজ হোসেন (রিপন) সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বিদায়ী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার পদ-পদবিতে নয়, বরং সদস্যদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মধ্যে নিহিত। দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা ও ভালোবাসা তাঁকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। তবে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও অগ্রযাত্রা কখনো থেমে থাকার নয়। নতুন নেতৃত্ব অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি নতুন কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিদায়ী সভাপতি রমাকান্ত বিশ্বাস তাঁর বক্তব্যে সংগঠনের বিগত দিনের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও সাংগঠনিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি প্রবাসে গোপালগঞ্জবাসীর ঐক্য, আত্মপরিচয়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যের আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগই এর মূল ভিত্তি।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংগঠনের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংগঠন পরিচালনা করতে হবে। নতুন নেতৃত্ব অতীতের ভালো উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, নেতৃত্ব পরিবর্তিত হলেও সংগঠনের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও সাংগঠনিক সম্পর্ক অটুট থাকবে। তাঁরা নতুন কমিটির পাশে থাকার এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী শেখ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াছিন আলী। ৬২ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করা এবং প্রবাসে গোপালগঞ্জবাসীর পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা। সবার মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি শক্তিশালী, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার শওকত আলী নবনির্বাচিত ৬২ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ সময় সংগঠনের প্রতি দীর্ঘদিনের অবদান, নিষ্ঠা ও দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সভাপতি রমাকান্ত বিশ্বাস এবং বিদায়ী সাধারণ সম্পাদক শরীফ ইমতিয়াজ হোসেন (রিপন)-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা তাঁদের সাংগঠনিক অবদানের প্রশংসা করেন এবং করতালির মাধ্যমে সম্মাননা প্রদানকে স্বাগত জানান।

অনুষ্ঠানে  নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ,  কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএম জাকির হোসেন, খসরুল আলম, গোলাম মোস্তফা খান মিরাজ, বাবু মন্মথ নাথ পোদ্দার, মনিকা দাস মৃধা, দাউদ ভূঁইয়া, রৌশনারা দাউদ, রৌশনারা বেগম, মিজানুর রহমান খান, মিজানুর রহমান মিজান, সুমন শেখ, আবুল বাশার জুয়েল, কিশোর হিরা, অমর কৃষ্ণ হিরা, জগদিশ বিশ্বাস, সনজিৎ মৃধা, অখিল ওঝা, জেমস রয়, টি মোল্লা, মিন্টু মিয়া, আলী কদর খান কনক, বিএম কামাল, মাহে আলম, আমিনুর রহমান প্রিন্স, গৌতম কুমার সিকদার, লোপা বিশ্বাস, শিবানী বিশ্বাস, কবিতা মন্ডল, জাবের ইকবাল, আরাফাত শেখ, পিজুস অধিকারী, মিন্টু মিয়া, বিপ্লব বর , বনানী বালা , গোপাল বিশ্বাস, কল্লানী মন্ডল, আলী আজগর খানসহ আরও অনেকে।

উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, সম্প্রীতি, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে গোপালগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার বিষয়টিও বিশেষভাবে আলোচিত হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের নন্দিত সংগীতশিল্পী কৃষ্ণা তিথি, মনিকা দাশ ও পিযুষ অধিকারী সংগীত পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। উপস্থিত অতিথিরা সংগীত পরিবেশনা উপভোগ করেন। সবশেষে অতিথিদের জন্য সুস্বাদু নৈশভোজের আয়োজন করা হয়।

নতুন নেতৃত্বের অভিষেক ও ৬২ সদস্যের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের সাংগঠনিক পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়। প্রবাসে গোপালগঞ্জবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও অতিথিরা।

তথ্য ও ছবি: বিধান পাল ।