সিলেটের চার জেলায় মানবিক উন্নয়নে ১৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করল গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক ঐক্য সুদৃঢ়করণ এবং অসহায় মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর ২০২৬, বুধবার দুপুর ১টায় বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও হাজি কবির উদ্দিন। তাঁরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুটি গুরুত্বপূর্ণ মানবিক প্রকল্প গ্রহণ করা হয়।এর মধ্যে অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাঁদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।
অন্যদিকে, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চার জেলার দরিদ্র, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের জন্য আরও ১০ লাখ টাকার একটি মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। প্রবাসের মাটিতে থেকেও মাতৃভূমির মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটির এই উদ্যোগ সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর সভাটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করা সম্ভব।
একই সঙ্গে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এবং ব্রিটিশ এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর জন্য জোর দাবি জানান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সামাজিক ও মানবিক সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী, রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক। সভায় উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের জন্য বার্মিংহামের জনপ্রিয় পানশী রেস্টুরেন্টের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
প্রেস বিজ্ঞপ্তির পক্ষে:
নুরুল ইসলাম
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ।



















