Logo

আন্তর্জাতিক    >>   শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশকে স্মরণ, ভার্চুয়াল সভায় বিপ্লবী জীবন ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা

শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশকে স্মরণ, ভার্চুয়াল সভায় বিপ্লবী জীবন ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা

শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশকে স্মরণ, ভার্চুয়াল সভায় বিপ্লবী জীবন ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

শোষণ, দারিদ্র্য ও বৈষম্যপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিতপ্রাণ সমাজ পরিবর্তনের চিন্তক, বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক কমরেড শ্রীকান্ত দাশের ১৭তম প্রয়াণদিবস উপলক্ষে ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৬, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, শিক্ষাবিদ, লেখক, গবেষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন শোষণ ও দারিদ্র্যপীড়িত সমাজব্যবস্থার বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক দ্রোহী ব্যক্তিত্ব। সমাজ পরিবর্তনের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে তিনি নিজের জীবন পরিচালনা করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন, সাংগঠনিক ভূমিকা, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এ স্মরণসভার আয়োজন করা হয়।

কানাডার মন্ট্রিয়ল, টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় দুপুর ৩টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ।

অনুষ্ঠানের শুরুতে কমরেড শ্রীকান্ত দাশের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর জীবন, কর্ম, রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী পথচলার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন সঞ্চালক তাজুল মোহাম্মদ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভার্চুয়ালি এতে যুক্ত হন।

তাজুল মোহাম্মদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাওর অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে যে উড়াল সেতুর চিন্তা সামনে আসে, তার দর্শন ও ধারণার সূত্র আশির দশকেই কমরেড শ্রীকান্ত দাশের চিন্তাভাবনার মধ্যে পাওয়া যায়। তিনি বলেন, এই শিল্পী-সংগ্রামীর বিপ্লবী রাজনৈতিক জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাঁর প্রতি বিপ্লবী শ্রদ্ধা নিবেদন করাই ছিল স্মরণসভার অন্যতম উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, বর্তমান বাস্তবতায় কমরেড শ্রীকান্ত দাশের মতো মহৎ ও আদর্শনিষ্ঠ মানুষদের জীবন ও কর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিশিষ্ট লেখক, অনুবাদক ও টেগোর সেন্টার সিলেটের নির্বাহী প্রধান মিহিরকান্তি চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনের প্রতি শ্রীকান্ত দাশের নিষ্ঠা, আত্মনিবেদন, নিভৃত জীবনযাপন এবং সব প্রতিকূলতাকে জয় করে নিজের নীতি ও আদর্শে অবিচল থাকার দৃষ্টান্ত সবার জন্য অনন্য শিক্ষা। তিনি কমরেড শ্রীকান্ত দাশকে একজন প্রকৃত ভূমিপুত্র হিসেবে অভিহিত করেন।

সিলেট জেলা বারের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বাংলাদেশের বাম রাজনীতির বিভিন্ন ধারা, বিকাশ ও গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, কমরেড শ্রীকান্ত দাশের আদর্শ ছিল সমাজতন্ত্র। তাঁর ব্যক্তিজীবন ও রাজনৈতিক দর্শনের মধ্যে কোনো বৈপরীত্য ছিল না। তিনি যা বিশ্বাস করতেন, বাস্তব জীবনেও তা অনুসরণ করতেন। তাঁর জীবন শুধু কথায় নয়, বাস্তবে; শুধু কাগজে নয়, কর্মে এবং শুধু তথ্যে নয়, প্রয়োগে প্রতিফলিত হয়েছে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা উচিত।

অধ্যাপক ডা. সুধেন্দু বিকাশ দাস স্মৃতিচারণ করতে গিয়ে কমরেড শ্রীকান্ত দাশ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা কীভাবে প্রকাশ পেয়েছে, সে বিষয়েও আলোকপাত করেন।

বাম রাজনীতিবিদ ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন কমরেড শ্রীকান্ত দাশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও তাঁর সান্নিধ্যের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পাকিস্তান আমলে বাম রাজনীতি নিষিদ্ধ থাকার সময় কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, তা জানার জন্য তিনি শ্রীকান্ত দাশের সঙ্গে আলোচনা করতেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে শ্রীকান্ত দাশও আনন্দ পেতেন।

তিনি আরও জানান, ১৯৬৮ সালে সিলেট জেলার গোপন কংগ্রেস কমরেড শ্রীকান্ত দাশের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও আস্থার বিষয়টি স্পষ্ট হয়।

আইনজীবী ও লেখক সুব্রত দাশ বলেন, যাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, তাদের কাছাকাছি থাকা এবং তাদেরই একজন হয়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব।

কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি ও সুনামগঞ্জের গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলম বলেন, কমরেড শ্রীকান্ত দাশ তাঁদের পথপ্রদর্শক। তাঁকে তাঁরা হৃদয়ে ধারণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ ছাড়া বক্তব্য রাখেন মেঠোসুরের সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার এবং কমরেড শ্রীকান্ত দাশের পুত্র সুশান্ত দাস। তাঁরা তাঁর জীবন, আদর্শ, সংগ্রাম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

স্মরণসভায় সংগীত পরিবেশন করেন মেঠোসুরের সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার, গণমাধ্যমকর্মী সন্দীপন শুভ এবং সিলেট উদীচীর শ্রমিক সংগঠক সন্দীপ। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সভাপতির সমাপনী বক্তব্যের পর গণসংগীত শিল্পী আব্দুল করিমের গান পরিবেশনের মধ্য দিয়ে স্মরণসভার সমাপ্তি ঘটে।

ভার্চুয়াল এ স্মরণসভায় আরও যুক্ত হন প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কবি ও লেখক নীলকান্ত দাশ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইফতেখারুল হক পপলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের অন্যতম নেতা সলিসিটর শাহরিয়ার বিন আলী, দুরন্ত দাস, মতিয়ার মিয়া, কাজল সরকার, প্রসেনজিৎ চৌধুরী, শিমুল চন্দ্র দাস, উর্মি তালুকদার, এল্টন সরকার, রেমী তালুকদারসহ অনেকে।

এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, রথীন্দ্র সরকার, দেবেশ দাস, মৃদুল চন্দ্র দাস, জুয়েল মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড শ্রীকান্ত দাশের জীবন ছিল আদর্শ, সততা, আত্মত্যাগ ও মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত এক ব্যতিক্রমী অধ্যায়। ব্যক্তিগত স্বার্থ ও প্রাপ্তির ঊর্ধ্বে উঠে তিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আজীবন কাজ করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন, সাংগঠনিক দক্ষতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান শিক্ষা হয়ে থাকবে।

কমরেড শ্রীকান্ত দাশের ১৭তম প্রয়াণদিবসে আয়োজিত এ স্মরণসভা তাঁর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও সমাজ পরিবর্তনের স্বপ্নকে নতুন করে স্মরণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও জোরালো করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।